প্রয়াত গুণী গায়ক, সুরকার ও সংগীত পরিচালক লাকী আখান্দের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় শিল্পীর কাছের মানুষ একত্র হন সোনারগাঁও হোটেলে। সেখানে প্রকাশ করা হয় লাকী আখান্দের সুর করা, গোলাম মোরশেদের কথায় মেহরিনের গাওয়া ‘সে গানেরই পাখি’ গানের অডিও-ভিডিও। গানটি সংগীত আয়োজন করেছেন দেশের তরুণ সংগীতশিল্পী রূপক।

২০ বছর পুরনো, অপ্রকাশিত গানটির প্রকাশ, স্মৃতিচারণা ও সংগীতায়োজনের মধ্য দিয়ে বাংলা সংগীতের দিকপাল লাকী আখান্দের ৬৬তম জন্মদিন উদযাপন করলেন সংগীতশিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, এমপি।

লাকী আখান্দের জীবনের শেষ দিনগুলোয় চিকিৎসাধীন ছিলেন ডাক্তার রুবায়েত রহমানের অধীনে। শিল্পীকে স্মরণ করে এ চিকিৎসক বলেন, ‘শেষ সময় অনেকের কথা অসংলগ্ন হয়ে যায়। লাকী আখান্দেরও হয়েছিল, কিন্তু তখনো তিনি বলেছেন, তোমরা যন্ত্র (সফটওয়্যার) পরিহার করো। তিনি চেয়েছিলেন তার মৃত মুখ যেন কাউকে দেখতে দেয়া না হয়। আমরা সেটা যতটুকু পেরেছি, মেনে চলেছি।’

অনুষ্ঠানে শিল্পী মেহরিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘সে গানেরই পাখি’ গানটির অডিও ও ভিডিও প্রকাশ করেন অতিথিরা। এরপর সবাই মিলে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় লাকীর ৬৬তম জন্মজয়ন্তী উদযাপন আয়োজন। শিল্পীর বন্ধু ও সংগীত ভুবনের সতীর্থ গোলাম মোরশেদ ছাড়াও মেহরিন, ফোয়াদ নাসের বাবু, বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামসহ অনেকেই লাকীর সৃষ্টিশীল জীবন নিয়ে স্মৃতিচারণা করেন।

লাইমলাইট স্টুডিওর প্রযোজনায় গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তাজওয়ার ইয়াকিন ও এসকে নাঈম। ভিডিওতে মা ও মেয়ের চরিত্রে মডেল হিসেবে অংশ নেন নাজিফা আয়াত ও তাসনুভা। ব্যক্তিগত জীবনেও যারা সম্পর্কে মা ও মেয়ে।

লাকী আখান্দের অনেক গান এখনো তুমুল জনপ্রিয়—‘আগে যদি জানতাম’, ‘আমায় ডেকো না’, ‘মামুনিয়া’, ‘এই নীল মণিহার’, ও ‘হূদয় আমার’। ২০১৭ সালের ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন গুণী এ শিল্পী।