ছোট পর্দা আর বড় পর্দা দুই জায়গায়ই সমানতালে কাজ করছেন মনোজ প্রামাণিক। নিয়মিত পর্দায় দেখা মেলে এ অভিনেতার। অন্যদিকে সালহা খানম নাদিয়া ব্যস্ত টেলিভিশনে। এ দুই তারকাকে আজ দেখা যাবে একসঙ্গে টেলিফিল্মে। জুটি হিসেবে তারা অভিনয় করেছেন ‘হাত রেখেছি তোমার হাতে’ টেলিফিল্মে। সাকিল সৈকতের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও সালহা খানম নাদিয়া। এছাড়া আরো অভিনয় করেছেন, সাইফুল ইসলাম, শিল্পী সরকার অপু, আব্দুল্লাহ রানা, শেলী আহসান, মুকুল সিরাজ, অদিতিসহ অনেকে। টেলিফিল্মটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শরিফুজ্জামান সাগর।

এ প্রসঙ্গে পরিচালক সাকিল সৈকত বলেন, ‘‌রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে হাত রেখেছি তোমার হাতে টেলিফিল্মটি নির্মাণ করেছি। গল্পের চাহিদা অনুযায়ী অভিনয়শিল্পী বাছাই করেছি। শরিফুজ্জামান সাগর ভাই দুর্দান্ত একটি গল্প লিখেছেন। অভিনয়শিল্পীরাও ভালো অভিনয় করেছেন। আশা করছি, দর্শকরা খুবই উপভোগ করবে।’

টেলিফিল্মটি নিয়ে জানতে চাইলে মনোজ প্রামাণিক বলেন, ‘টেলিফিল্মটির গল্প খুবই চমৎকার। যখন গল্পটি আমি পড়ি, মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে।’

হাত রেখেছি তোমার হাতে টেলিফিল্মে অভিনয়ের ভিন্নতা নিয়ে জানতে চাইলে সালহা খানম নাদিয়া বলেন, ‘সাকিল সৈকত ভাই ভালো ডিরেক্টর। অন্যদিকে হাত রেখেছি তোমার হাতে টেলিফিল্মটির গল্প খুবই চমৎকার। সহশিল্পীরাও খুবই ভালো কাজ করেছেন। আমিও চেষ্টা করেছি ভালোভাবে অভিনয় করার। বাকিটা টেলিফিল্ম দেখে দর্শকরাই বলবে।’

টেলিফিল্মটির গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘‌গল্পটা মিলন ও তমাকে নিয়ে। মিলন চরিত্রে অভিনয় করেছেন মনোজ ও তমা চরিত্রে নাদিয়া। মিলন তমাকে প্রাইভেট পড়ায়। দুজনই দুজনকে ভালোবাসে, তবে কেউ কাউকে বলেনি। মিলনের ভয়, তমা তাকে যদি ফিরিয়ে দেয়। এরই মাঝে গল্পে আসে একজন তৃতীয় পক্ষ। এ নিয়েই এগিয়ে যাবে আমাদের টেলিফিল্মটির গল্প।’

আলোকসজ্জা প্রযোজনা প্রতিষ্ঠান টেলিফিল্মটি প্রযোজনা করেছে। আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‌হাত রেখেছি তোমার হাতে টেলিফিল্মটি।