আর মাত্র একদিন পেরোলে ঈদ। প্রতি বছর ঈদেই মুক্তি পায় একাধিক সিনেমা। সারা বছর ব্যস্ততায় নিয়মিত হলে না গেলেও ঈদের ছুটিতে বন্ধু কিংবা পরিবারের সঙ্গে সিনেমা দেখার চল বহুদিনের। তাই বড়সংখ্যক দর্শকের বিষয়টি মাথায় রেখেই ঈদে মুক্তি পায় একাধিক সিনেমা। ঈদুল আজহায় প্রায় ১২টি সিনেমা মুক্তির মিছিলে থাকলেও এখন পর্যন্ত পাঁচটি মুক্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেছে। এ সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমা ‘লাল শাড়ি’।
এগুলোর মধ্যে সর্বাধিক আলোচনা তৈরি করেছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ও নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল।
অন্যদিকে রায়হান রাফী এ ঈদে আসছেন তার আসন্ন সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে। গত বছর রায়হান রাফীর পরাণ সিনেমাটি হলে দর্শক ফিরিয়ে এনেছিল। এ বছরের শুরুতেও এ নির্মাতা ব্যস্ত ছিলেন ‘সুড়ঙ্গ’ নিয়ে। সিনেমাটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার দাপুটে অভিনেতা আফরান নিশোর। তার বিপরীতে আছেন তমা মির্জা।
এতে নিজের চরিত্রের চ্যালেঞ্জ নিয়ে নিশো বলেন, ‘পরিচালক রাফীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমি সবসময় চেষ্টা করি পরিচালকের সঙ্গে আরাম করে কাজ করতে। এজন্য আমরা অনেক আলোচনা করে জেনে-বুঝে কাজটা করেছি। আমরা যে পরিশ্রম করছি, সেটা দর্শক কাজে দেখতে পাবে।’
ঈদের মুক্তির মিছিলে রয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী।
এ সিনেমাটি নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘একাধিক মিটিং ও চিত্রনাট্য পড়ার পর এ সিনেমায় যুক্ত হওয়া। আমরা যত সিনিয়রই হই, শুটিংয়ের আগের দিন বার্ষিক পরীক্ষার আগের রাতের অনুভূতি ফিরে আসে। তবে প্রহেলিকায় খুব আনন্দ নিয়ে কাজ করেছি। গল্পটা চমৎকার। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আগেও অভিনয় করেছি। বুবলীর সঙ্গে প্রথম। তার পরও কোনো সমস্যা হয়নি। সিনেমাটি দর্শক পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।’
অন্যদিকে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমাটি নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন নিরব, বুবলী ও তাসকিন।
এছাড়া অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনার ভার ছিল বন্ধন বিশ্বাসের ওপর। তাঁত শিল্পের গল্প নিয়ে সিনেমাটি এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা প্রচারণা করছেন অপু বিশ্বাস। লাল শাড়িতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
অন্যদিকে সাইবার দুনিয়ার কালো অধ্যায় হ্যাকিং। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা নির্মাণ করেছেন দীপংকর দীপন। সিনেমার নাম ‘অন্তর্জাল’। ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান নির্মাতা। ঈদে সিনেমা মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও কলাকুশলীরা। এখন অপেক্ষার পালা কোন সিনেমা কেমন দর্শক টানে সেটি দেখার জন্য।










