ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল নতুন ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। বৃহস্পতিবার রাত ১০টায় বঙ্গ বিডিতে স্ট্রিমিং শুরু হয়েছে সজল-পরীমণি অভিনীত ওয়েব ফিল্মটি। পাফ ড্যাডির অন্যতম আকর্ষণ আজাদ আবুল কালাম। এবার ওটিটিতে নতুন লুকে হাজির হয়েছেন তিনি। নাম ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেতা।
ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এর আগে ২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে চরিত্রগুলোর প্রাথমিক ধারণা দেয়া হয়েছিল। পরীমণিকে ওয়েব ফিল্মটিতে দেখা গেছে উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে পাফ ড্যাডির শরণাপন্ন হয়। ওয়েব ফিল্মটিতে পরীমণির চরিত্রের নাম টিনা। অন্যদিকে সজল অভিনয় করেছেন রাজনীতিবিদের চরিত্রে। যিনি নির্বাচনের আগে নমিনেশন কিনতে পাফ ড্যাডির কাছে যান। পাফ ড্যাডির চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন গুণী অভিনেতা আজাদ আবুল কালাম। পুরো ফিল্মেই তিনি তার রহস্য ধরে রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তার অভিনয় নিয়ে জোর আলোচনা।
নির্মাতা জানান, পাফ ড্যাডি সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী নাকি সবই ভণ্ডামি, তা নিয়েই এ ওয়েব ফিল্মের গল্প।
ওয়েব ফিল্মটি মুক্তির ব্যাপারে বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘পাফ ড্যাডি আমাদের একটি প্রিমিয়াম কনটেন্ট। ‘‘হোটেল রিল্যাক্স’’-এর সফলতার পর কিছুটা বিরতি নিয়ে আমরা আরেকটি প্রিমিয়াম কনটেন্ট মুক্তি দিতে যাচ্ছি। যদিও প্রডাকশন সংক্রান্ত জটিলতার কারণে ওয়েব ফিল্মটি রিলিজ হতে বেশ সময় লেগে গেল। কিন্তু তার পরও আমরা কাজটি দর্শকের সামনে মুক্তি দিতে পেরে আনন্দিত। আশা করছি, পাফ ড্যাডি দর্শকের ভালো লাগবে।’
পাফ ড্যাডি ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাশার, নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহসহ অনেকে। ২০২০ সালে শুরু হয় ওয়েব ফিল্ম পাফ ড্যাডির শুটিং। করোনা মহামারীসংক্রান্ত জটিলতার কারণে শুটিং এবং ডাবিংয়ের কিছু কাজ বাকি থেকে যায়। চলতি বছরে এর কাজ শেষ হওয়ার পর শুরু হয়েছে স্ট্রিমিং।










