একসময় টিভি নাটকের নিয়মিত মুখ ছিলেন রিচি সোলায়মান। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন ধরে সেখানকার বাসিন্দা এ অভিনেত্রী তাই দেশের বিনোদন অঙ্গনে অনুপস্থিত। তবে সবসময়ই তিনি বলে এসেছেন ভালো গল্প পেলে অভিনয় করবেন। নিয়মিত দেশে এসে সময় কাটান রিচি, এ সময় ভালো গল্পে অভিনয় করার আগ্রহ রয়েছে তার। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন ফের অভিনয় করতে যাচ্ছেন তিনি। অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রের পরিচালনায় একটি নাটকে অভিনয় করার বিষয়টি জানিয়েছেন রিচি।
দীর্ঘ বিরতির পর অভিনয় প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘রানা ও সুব্রত দুজনই আমার কাছে এসেছিলেন। তারা এসে আমাকে মূলত গল্পটা শুনিয়েছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। রানা আমাকে বলেছিল যে গল্পটা মূলত আমাকে ভেবেই লেখা। আমিও তাদের কাছে গল্প শুনে বিষয়টি স্পষ্ট হয়েছি যে হ্যাঁ, সত্যিই তো গল্পটা আমাকে ভেবেই লেখা। যে কারণে আমি সম্মতি দিয়েছি কাজটি করার। সবসময়ই বলে এসেছি, গল্প ভালো হলে অবশ্যই অভিনয় করব। বছরের বেশির ভাগ সময়ই আমি দেশে থাকি। দেশে থাকি না, এটাও একটা ভ্রান্ত ধারণা।’ অমিতাভ আহমেদ রানা বলেন, ‘গল্পটা পছন্দ হওয়ায় আমি ও সুব্রত অন্যান্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, রিচিকে নিয়ে আমাদের প্রথম কাজ ভালোভাবে শেষ হবে ইনশাআল্লাহ।’ এদিকে আগামী ৬ অক্টোবর রিচি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। ফিরে এসে ওটিটি প্লাটফর্মে একটি কাজ করবেন বলেও জানান রিচি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ে নাম লেখান রিচি সোলায়মান। ১৯৮৯ সালে প্রথম অভিনয় করেন ‘ইতি আমার বোন’ নাটকে। তবে ১৯৯৮ সালে ‘বেলা ও বেলা’ নাটকের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। নব্বইয়ের দশক থেকে একাধারে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রিচি সোলায়মান। এক শতাধিক একক নাটক এবং প্রায় অর্ধশত ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেকুর রহমানকে বিয়ে করেন রিচি সোলায়মান। এরপর পাড়ি জমান সেখানে। দেশে এলে হাতে সময় থাকলে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।










