হাসিমুখ, ক্যাফেটেরিয়া, বন্ধ জানালা, ইচ্ছেঘুড়ি, পাখি, বাংলাদেশ, বুলেট কিংবা কবিতা, আবার হাসিমুখ, বৃষ্টিকাব্য কিংবা এই অবেলায়...।
শিরোনামহীন যখন যে গানটা এনেছে বিপুল উদ্দামে সেটাই গ্রহণ করেছে শ্রোতারা। কাব্যনির্ভর গানের কথা, সংগীতায়নে নতুনত্ব, মর্মস্পর্শী সুর শিরোনমহীনকে বহুবার শিরোনামে নিয়ে এসেছে। ব্যান্ডটির বয়স এখন ২৫। ১৪ এপ্রিল ছিল শিরোনামহীনের জন্মদিন। ১৯৯৬ সালে ঢাকা শহরে যে ব্যান্ডটির যাত্রা, তা আজ পৌঁছে গেছে দেশের আনাচে-কানাচে। সিলভার জুবিলি উপলক্ষে বছরব্যাপী থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সবচেয়ে বড় চমক ‘দি অনলি হেডলাইনার’
নামের কনসার্ট। যেখানে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’। জানা গেছে, ব্র্যান্ডমিথের আয়োজনে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি। মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। বেজবাবা সুমন, বাপ্পা মজুমদার, রাফা, তূর্য, পলাশসহ অনেকেই কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টে।
শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বণিক বার্তাকে বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নসের বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য আগে হয়নি।’
ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজী আহমেদ শাফিন বলেন, ‘এ আয়োজনের জন্য গত ছয় মাস অনেক পরিশ্রম করেছি আমরা। আমার বিশ্বাস, ওই কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হবে।’
শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এ কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট—সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজুয়ালাইজেশন হবে অন্য মাত্রার। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে। রেগুলার টিকিটের মূল্য ৫৯৯ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১ হাজার ৪৯৯ টাকায়।
কিছুদিন আগে গান গাইতে প্রথমবারের মতো ফ্রান্সে গিয়েছিল শিরোনামহীন। সে অভিজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘প্যারিসে আমরা গিয়েছিলাম বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে। সেখানে আমরা দুটি লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছি। জয় বাংলা নামের একটি কনসার্টেও গেয়েছি। ফ্রান্স আর্টিস্টদের জায়গা। ওখানে আমরা রয়্যাল ফিলহারমোনিক সোসাইটির সঙ্গে একটা কোলাবোরেট করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। পারফিউম নামে ষষ্ঠ অ্যালবাম প্রস্তুত করছে শিরোনামহীন। এরই মধ্যে শেষ হয়েছে অ্যালবামের একই শিরোনামের গানটির সংগীতচিত্রের শুটিং। নতুন গানটি ২৫ বছর পূর্তির কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। নতুন অ্যালবামে গান থাকবে আটটি।’
তরুণ সমাজে তুমুল জনপ্রিয় শিরোনামহীনের শুরুতে সদস্য ছিলেন তিনজন—জিয়া, জুয়েল ও বুলবুল। পদাতিক নাট্য সম্প্রদায়ের একটি শোয় প্রথম ডাক পায় ব্যান্ডটি। সে অনুষ্ঠানেই ‘শিরোনামহীন’ নামটি দেয়া হয়। যাত্রার আট বছরের মাথায় প্রকাশ হয় প্রথম অ্যালবাম—জাহাজী (২০০৪)। ২৫ বছরের দীর্ঘ যাত্রায় অনেক ভাঙাগড়ার মুখোমুখি হয়েছে ব্যান্ডটি। বিভিন্ন সময়ে এ পর্যন্ত দল ত্যাগ করেছেন নয় সদস্য। সর্বশেষ এই অবেলায় গানটি শ্রোতাদের মুখে মুখে শোনা গেছে।










