মহাকাশযানে চেপে মহাকাশে সিনেমার শুটিং করার পরিকল্পনা জানিয়েছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। কিছুদিন আগে রাশিয়াও জানিয়েছিল এমন পরিকল্পনার কথা। গতকাল বাংলাদেশ সময় দুপুরে পূর্ণদৈর্ঘ্য একটি রুশ ছবি দ্য চ্যালেঞ্জের শুটিং করতে অন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করেছেন এর ক্রুরা। তারা গিয়েছেন একটি রুশ স্পেসক্রাফটে চেপে। ফলে মহাকাশে গিয়ে চলচ্চিত্রের দৃশ্য ধারণ করা প্রথম দেশের মর্যাদা পেতে যাচ্ছে রাশিয়া।
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানায়, কাজাখস্তানের বাইকানুর উেক্ষপণ কেন্দ্র থেকে বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে রুশ রকেটে চড়ে যাত্রা শুরু করেন কয়েকজন পেশাদার নভোচারী, ছবির পরিচালক ও অভিনেত্রী। এ স্পেসক্রাফট পরিচালনা করছেন আন্তন শাকাপ্লেরভ। সঙ্গে আছেন ছবির পরিচালক ক্লিম শিপেংকো ও অভিনেত্রী ইউলিয়া পেরেস্লিড। স্পেসক্রাফটটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দুটো অরবিটে রুশ অংশে অবস্থান করবে। ১২ দিন শুটিং করে সিনেমার পরিচালক ও অভিনেত্রী আবার দুনিয়ায় ফিরে আসবেন।
আসন্ন দ্য চ্যালেঞ্জ নামের সিনেমায় দেখানো হবে আন্তর্জাতিক মহাকাশযান স্টেশনে একজন ডাক্তারকে ডাকা হবে নভোচারীর জীবন বাঁচানোর জন্য। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৩০ থেকে ৩৫ মিনিটের সিনেমার দৃশ্য ধারণ করা হবে।
মহাকাশ যাত্রার প্রস্তুতি নেয়ার সময় অভিনেত্রী ইউলিয়া পেরেস্লিড বলেছিলেন, এর প্রথম দুই সেকেন্ড ভীতিকর। এর পরে সবকিছু সুন্দর। মহাকাশে শুটিং করা প্রথম অভিনয় শিল্পী হতে যাচ্ছেন ইউলিয়া। মহাকাশ প্রযুক্তি নিয়ে ইউলিয়ার কোনো ধারণাই ছিল না, তাই তাকে প্রশিক্ষণ নিতে হয়েছে। তিনি সিনেমায় ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন।
এর আগে ইউলিয়া নিউইর্য়ক টাইমসকে বলেন, তিনি মহাকাশযানে শুটিং করতে গিয়ে কিছু নতুন ধরনের বাধ্যবাধকতার সম্মুখীন হচ্ছেন। যেমন নিজেকেই নিজের মেকআপ করতে হবে এবং আলোকসজ্জা ও শব্দ ধারণ করা ক্রুদের ছাড়া কাজ করতে হবে।
পরিচালক ক্লিম শিপেংকো বলেন, তার লক্ষ্য একজন বিশেষ ব্যক্তির মাধ্যমে মহাকাশে জীবনের অভিজ্ঞতা কেমন তা তুলে ধরা। সিনেমায় ইউলিয়া সে মানুষ। ইউলিয়া ছাড়াও নভোচারী অলেগ নোভিস্কি এবং পেওত্র ডুবরোভ এ ছবিতে অভিনয় করবেন।
গতকালের উদ্যোগ রাশিয়াকে মহাকাশে সিনেমার শুটিং করা প্রথম দেশের সম্মান এনে দেবে। গত বছর হলিউড তারকা টম ক্রুজকে একটি সিনেমায় মহাকাশে শুটিংয়ের ব্যাপারে সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কিন্তু এরপর আর সে বিষয়ে কোনো নতুন তথ্য জানা যায়নি। তাই রাশিয়াই মহাকাশে সিনেমা শুটিং করা প্রথম দেশ হতে যাচ্ছে। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল ও সেফটি বিশেজ্ঞরা মহাকাশযানে সিনেমাটির শুটিং করতে অনুমতি দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে










