সম্প্রতি এক বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন দক্ষিণের হার্টথ্রব সামান্থা রুথ প্রভু। তারপর থেকে ভারতীয় গণমাধ্যমে সামান্থাকে নিয়ে বেরিয়েছে নানা ধরনের খবর। কখনো শোনা গেছে তিনি কাজ কমাচ্ছেন, আবার কখনো কাজ হাতছাড়া হওয়ার খবর। কিন্তু এসবের কোনোটাই বাস্তবে ঘটেনি। কাজে ফিরেছেন সামান্থা। ‘শকুন্তলম’-এর ডাবিংয়ের ছবি শেয়ার করে সামান্থা লেখেন, ‘শিল্পই আমার সব মন খারাপের ওষুধ।’ ৯ জানুয়ারি নিজের আসন্ন ছবি ‘শকুন্তলম’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হাজির হন তিনি। তার এ উপস্থিতির পর থেকে শুরু হয়েছে নতুন কথা। সামান্থার নাকি জৌলুস কমেছে, কারো মতে আগের মতো রূপ নেই তার। এমন খবর প্রকাশ করেছেন কিছু ভারতীয় নিউজ পোর্টাল। এমন খবরে স্বভাবতই চটেছেন তিনি, তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের তারকা বরুন ধাওয়ান।

নাগাচৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুখরোচক নানা মন্তব্য সহ্য করতে হয়েছে তাকে। কিন্তু তিনি শক্তভাবেই পরিস্থিতি সামলেছেন। অসুস্থতা নিয়ে সাম্প্রতিক মন্তব্যগুলোও কাটিয়ে উঠেছেন দারুণ দক্ষতায়, করেছেন রসিকতাও। নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি প্রার্থনা করব, আমার মতো আপনাদের কাউকে যাতে মাসের পর মাস চিকিৎসার মধ্য দিয়ে যেতে না হয়। ভালবাসা নিন ও নিজের ঔজ্জ্বল্য বাড়ান।’

বরুন ধাওয়ান সামান্থার সমর্থনে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ত্বকের ঔজ্জ্বল্য ইনস্টাগ্রাম ফিল্টারে পাওয়া যায়। সামান্থার সঙ্গে দেখা হয়েছে। বিশ্বাস করুন, সে আলো ছড়াচ্ছিল।’ 

সদ্য মুক্তি পেয়েছে সামান্থার নতুন ছবির ট্রেলার। কবি কালিদাসের বিখ্যাত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। সামান্থার ছবির ট্রেলারে ফুটে উঠেছে গল্পের গুরুত্বপূর্ণ অধ্যায়। গুণশেখরের এ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সামান্থা ও দেব মোহন। এছাড়া একাধিক চরিত্রে অভিনয় করেছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমীসহ আরো অনেক নামিদামি অভিনেতা। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি—মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে গুনাশেখরের এ পৌরাণিক থিমনির্ভর সিনেমা।


সূত্র: হিন্দুস্তান টাইমস