দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। তাদের একাধিক গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। সারা বছরজুড়েই দেশ ও দেশের বাইরে কনসার্টে ব্যস্ত থাকে ব্যান্ডটি। এ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান। এবার নতুন অর্জন করলেন তিনি। বাংলাদেশের সংগীতশিল্পী হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্মাননা পেলেন অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান। নিউজার্সি থেকে এ তথ্য জানিয়েছেন ইভান নিজেই। সম্প্রতি বাংলাদেশ আমেরিকান স্পোর্টস লিগের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্র যান তিনি। সেখানে টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্টেডিয়ামে বিশেষ অতিথি হিসেবে তাকে স্বাগত জানান স্টেডিয়াম ভর্তি দর্শক। ইভান জানান, স্টেডিয়ামে নিজের শ্রোতা ভক্তদের মুখে অ্যাশেজের গান শুনতে পেরে আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আমেরিকার নিউজার্সির মেয়র মাইকেল জনসন, কেমডেনের মেয়র নাজমা রহমান, কাউন্সিলর ফরিদ উদ্দিন, এসআরএই টিভির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদসহ আরো অনেকে।

বাংলাদেশ আমেরিকান স্পোর্টস কাউন্সিল আয়োজিত এ টুর্নামেন্টে এবার অংশ নেয় ১৬টি দল। ফাইনাল খেলায় উপস্থিত হয়ে টস করে ম্যাচ উদ্বোধন করেন ইভান। খেলা শেষে বিজয়ী যুব সংঘের হাতে তুলে দেন টুর্নামেন্টের কাপ। এ সময় ইভানের হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক বিশেষ সিটি অব পিটারসন স্বীকৃতি সনদ। এ নিয়ে জানতে চাইলে জুনায়েদ ইভান বলেন, ‘‌কনসার্টের জন্য তো আসা হয়ই, কিন্তু এবার ব্যাতিক্রমী এ আয়োজনে উপস্থিত হয়ে দারুণ সম্মানিত বোধ করছি। এখানে বাংলা কমিউনিটি স্ট্রং। তারা একতাবদ্ধ হয়ে অনেক ভালো করছে সব ক্ষেত্রে। এটা আমাদের প্রত্যেকের জন্যই অনুপ্রেরণাদায়ক। দারুণ সম্মানিত করেছেন তারা আমাকে। মেয়র মহোদয় আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন। এটা আমার সংগীত জীবনের জন্য একটি অনন্য প্রাপ্তি হিসেবে থাকবে।’

২৬ আগস্ট ইভানের হাতে তুলে দেয়া সম্মাননা সনদ। মূলত দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের দেয়া হয় এ সনদ। সনদে কী লেখা আছে জানতে চাইলে ইভান জানান, এতে লেখা আছে ‘‌সিটি অব পিটারসনের বিশেষ স্বীকৃতি। বাংলাদেশের একজন সংগীতশিল্পী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশেষ ভূমিকা রাখার জন্য পুরস্কারস্বরূপ এ সনদ দেয়া হলো।’

এ বছর শেষেই যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে ইভান ও তার ব্যান্ড অ্যাশেজ। সাম্প্রতিক বাংলা ব্যান্ডের জনপ্রিয় নাম অ্যাশেজ সর্বশেষ গত জুনে প্রকাশ করে তাদের নতুন গান ‘কলকাতা শহরে’। সদ্য প্রয়াত ভারতের বাংলা রক ব্যান্ড ‘‌মহিনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা তাপস বাপি দাসকে উৎসর্গ করা হয় তাদের এ গান। ইভান জানান, আগামী ৪ সেপ্টেম্বরে দেশে ফিরেই বেশকিছু কনসার্টে অংশ নেবেন তিনি ও তার ব্যান্ড অ্যাশেজ। গত বছর প্লেব্যাক গান নিয়ে নতুন যাত্রা করেছে অ্যাশেজ। জয়া আহসান অভিনীত ও মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস সিনেমার ‘নিরুদ্দেশ’ শিরোনামের গানটির মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রেখেছেন তারা। এ গানের মাধ্যমে প্লেব্যাকে যাত্রা করেছে ব্যান্ডটি।