নাট্যসংগঠন স্বপ্নদলের মনোড্রামা ‘হেলেন কেলার’-এর ৩৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আজ। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হবে প্রদর্শনীটি। ‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম, দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যাস্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্র দর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ উঠে আসে নারীজাগরণ, মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ ধ্বংস সহিংসতা বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার সঙ্গও।

‘হেলেন কেলার’ প্রযোজনাটি দেশের বাইরে ২০১৮-এ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে, ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত ‘পূবের নাট্য গাথা আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮’-এ প্রদর্শনীসহ দেশে নিয়মিত সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে এরই মধ্যে ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শকনন্দিত সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্মরণীয় গ্রহণীয়তা পেয়েছে।