ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার পরিচিত মুখ ইধিকা পাল। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নিয়ে দর্শকের কাছে প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। এর আগে কলকাতার সিনেমায় অভিনয় করেছেন ইধিকা, তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। প্রিয়তমা দিয়েই বড় পর্দায় হাজির হয়েছেন ইধিকা। বর্তমানে কলকাতায় আছেন এ অভিনেত্রী। প্রিয়তমা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইধিকা পাল বলেন, ‘সত্যি বলতে কী আমি কল্পনাও করিনি যে প্রিয়তমা এতটা সাড়া ফেলবে। ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শকের মধ্যে প্রিয়তমাকে ঘিরেই যে ভালোবাসা দেখছি তা রীতিমতো আমাকে বিস্মিত করেছে। সিনেমায় আমার অভিষেক হলো প্রিয়তমা দিয়ে। অভিষেকের সিনেমা দিয়েই দর্শকের এমন ভালোবাসা পাব সেটা ভাবতেও পারিনি। বাংলাদেশের দর্শকের ভালোবাসায় আমি সত্যিই ভীষণ আবেগাপ্লুত। এ ভালোবাসা আজীবন আমি বুকে শ্রদ্ধার সঙ্গে বয়ে বেড়াব।’
দেশের সীমানা ছাড়িয়ে ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। ৭ জুলাই স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেস ও কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের মোট ৪২টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। তিনি জানান, বিশ্ব সিনেমার এ ভরা মৌসুমে প্রথম উইকেন্ড বা তিনদিনে ৪৪ হাজার ডলার গ্রস কালেকশন করেছে ‘প্রিয়তমা’, যা বাংলাদেশী টাকায় টিকিটমূল্য দাঁড়ায় প্রায় ৪৮ লাখ টাকা।
ওপার বাংলায় সিনেমাটির মুক্তি নিয়ে ইধিকা বলেন, ‘আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাদের সবার প্রিয় শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান স্যার, পরিচালক হিমেল আশরাফসহ পুরো প্রিয়তমা টিমের প্রতি। কলকাতার দর্শকও ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমি আদনান স্যারকে বলব, দ্রুত কলকাতার দর্শকের কাছে প্রিয়তমা পৌঁছে দেয়ার জন্য।’
প্রিয়তমা মুক্তির প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখন সিনেমাটি দেখেননি ইধিকা। দর্শকের সঙ্গে সিনেমাটি দেখা প্রসঙ্গে জানতে চাইলে ইধিকা জানান, শিগগিরই তিনি ঢাকায় আসছেন এখানকার দর্শকের সঙ্গে সিনেমা হলে বসে সিনেমাটি উপভোগ করার জন্য।
ঈদের দিনে শতাধিক হলে মুক্তি পায় শাকিব ও ইধিকার প্রিয়তমা। সিনেমাটির টিজার, গান ও শাকিবের নতুন লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে আগ্রহ ছিল সিনেমাটি নিয়ে। মুক্তির প্রথম দিনই সিনেমা হলে দাপট দেখিয়েছিল এ সিনেমা। পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, প্রিয়তমা এরই মধ্যে ১০ কোটি টাকা আয় করেছে। চলতি বছরের ১১ মে পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়। প্রয়াত ফারুক হোসেনের গল্পে প্রিয়তমা সিনেমায় ইধিকা পাল অভিনয় করেছেন ইতি চরিত্রে। তার বিপরীতে সুমন চরিত্রে শাকিব খান অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ অনেকে। বর্তমানে বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্র মিলিয়ে চলতি সপ্তাহে বিশ্বব্যাপী ১৫০টি হলে চলছে সিনেমাটি।










