মণিরত্নমের ‘বোম্বে’ সিনেমায় অভিনয় করেছিলেন মনীষা কৈরালা। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমাটি নিয়ে তার চমৎকার অনেক স্মৃতি আছে। এ সিনেমায় অরবিন্দ স্বামীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে এতে তার অভিনয় করা নিয়ে সে সময় বেশ বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি মনীষা স্বীকার করেছেন, সিনেমাটির কাজ ভালোভাবে শেষ করতে পেরে তিনি খুবই আনন্দিত।

ইন্ডিয়া জিরো টু নামের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ‘বোম্বে’ প্রসঙ্গে কথা বলেন। এ সিনেমায় তাকে অভিনয় না করতে সতর্ক করা হয়েছিল বলে জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি বোম্বে সিনেমায় অভিনয় করতে চাইনি। এমন একটি চরিত্রে অভিনয় না করতে মানুষ আমাকে সতর্ক করেছিল। কিন্তু সিনেমাটোগ্রাফার অশোক মেহতা রাগান্বিত স্বরে আমাকে বললেন, “তুমি কী জানো মণিরত্নম কত ভালো কাজ করেন? যদি তুমি তাকে প্রত্যাখ্যান করো, তাহলে তুমি নিজেকে নির্বোধ বলে প্রমাণ করবে।” অশোকের এ কথায় আমার চৈতন্য হলো। তারপর মা ও আমি চেন্নাই গেলাম। সেখানে আমার লুক টেস্ট হলো। বোম্বে করতে পেরে আমি আসলেই খুশি।’

সিনেমাটিতে অভিনয় করে মনীষা কৈরালা যে ভুল করেননি, তা কালক্রমে প্রমাণিত হয়েছে। এটি এখন ক্ল্যাসিক হিসেবে তকমা পেয়েছে। দুই ভিন্ন ধর্মের অনুসারী এক দম্পতিকে কেন্দ্র করে এ সিনেমার গল্প এগিয়েছে। তারা ১৯৯২-৯৩ সালের দাঙ্গার সময় বোম্বেতে বাস করত। 

১৯৯৬ সালে আমেরিকান সমালোচক জেমস বেরারদিনেল্লি সিনোমাটিকে চারের মধ্যে তিন দশমিক পাঁচ রেটিং দিয়েছেন। এ সিনেমা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা হিসেবে সমালোচক পুরস্কার জিতে নেয়। আর সমালোচকদের চোখে সেরা অভিনেত্রীর পুরস্কার ওঠে মনীষা কৈরালার হাতে। ভারতের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে এটি সেরা ফিচার সিনেমার তকমা পায়। 

বোম্বে সিনেমার সংগীত পরিচালক ছিলেন এআর রহমান। মনীষা কৈরালার সাক্ষাৎকারে এ সংগীত-কিংবদন্তির প্রতি মুগ্ধতার কথাও উঠে এসেছে। এআর রহমানের সঙ্গে দেখা করতে তিনি মুখিয়ে ছিলেন। তিনি বলেন, ‘কোনো তরুণ তুর্কি এমন চমৎকার সব সংগীত তৈরি করছেন, তা আমি জানতে চেয়েছিলাম। বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ততদিনে তার বিশাল ফ্যানবেজ তৈরি হয়ে গেছে। একজন ভক্ত হিসেবেই আমি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।’

মনীষা কৈরালাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে শাহজাদা সিনেমায়। 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস