নিজের সৌন্দর্য নিয়ে দুর্ভাগ্যের শিকার এক মেয়ের গল্প নিয়ে নির্মিত একটি ওয়েব সিরিজ নিয়ে এসেছে দেশের ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজ। থ্রিলার ও নাটকীয়তায় ভরা ‘শিকল’
শিরোনামের নতুন এ ওয়েব সিরিজটির প্রচার শুরু হয়েছে ১০ ডিসেম্বর রেড ডিজিটালের ওটিটি প্লাটফর্ম বিনজের পর্দায়। ‘শিকল’-এর মাধ্যমে ওয়েব সিরিজে প্রথমবার কাজ করেছেন অভিনেত্রী তানজিন তিশা।
শিকলে খুব সুন্দর চেহারার এক মেয়ের দুর্ভাগ্যে ভরা জীবনের গল্প তুলে ধরেছেন সিরিজটির চিত্রনাট্যকার ও পরিচালক সঞ্জয় সমাদ্দার। নন্দিনী নামের এক মেয়ের সংগ্রাম, প্রেম, প্রলোভন ও দুর্ভাগ্য এ ওয়েব সিরিজের গল্পের মূল। নানা রকম নেতিবাচক ঘটনার কারণে এক সময় নিজের সৌন্দর্যকেই শত্রু মনে করতে থাকে নন্দিনী।
এ ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়া আছেন শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকে। প্রায় ১৪৫ মিনিটের এ ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন মুশফিকুর রহমান মঞ্জু। সিরিজটি ১৩ বছরের ওপরে সব বয়সীরাই দেখতে পারবেন।
রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী বলেন, ‘সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, নির্যাতনের ঘটনাগুলোই ওয়েব সিরিজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে বিনজ। এতে বিনোদনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক নানা সমস্যার বিষয়ে জনসচেতনতাও তৈরি হয়। শিকল এমনই একটি গল্প নিয়ে নির্মিত। সমাজ ও আশপাশের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি একজন নারীর জীবনকে কীভাবে দুর্বিষহ করে তোলে সেটাই শিকলে দেখা যাবে।’










