একটা সময় নিয়মিত পর্দায় দেখা যেত আজাদ আবুল কালামকে। এবারে ওটিটিতে নতুন লুকে আসছেন এ অভিনেতা। ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মে দেখা মিলবে এ তারকার। ফিল্মটির ট্রেলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ওটিটি প্লাটফর্ম বঙ্গ অ্যাপ, ইউটিউব এবং বঙ্গ বিডির ফেসবুকে ট্রেলারটি উন্মোচিত হয়েছে। ট্রেলারটিতে জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক গল্পের ছোঁয়া পাওয়া গেছে। সমাজের নানা মানুষকে কেন্দ্র করে চলা রহস্যের জটে কিছু মানুষের জীবনের গল্প দেখা যাবে এ ওয়েব ফিল্ম।
আজাদ আবুল কালাম ছাড়াও ‘পাফ ড্যাডি’তে অভিনয় করেছেন পরীমণি, সজল নূর, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। ২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে চরিত্রগুলোর প্রাথমিক ধারণা দেয়া হয়েছে। ‘পাফ ড্যাডি’র চরিত্রে দেখা মেলে আজাদ আবুল কালামের। পরীমণিকে দেখা যায় উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হয়। অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যিনি নির্বাচনের আগে নমিনেশন কিনতে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যায়।
নির্মাতা জানান, পাফ ড্যাডি সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী নাকি সবই ভণ্ড তা নিয়েই এগিয়ে যাবে এ ওয়েব ফিল্মের গল্প। আগামী ৭ সেপ্টেম্বর থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হবে ওটিটি প্লাটফর্ম বঙ্গ বিডিতে।
বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এক বাবাকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এর সঙ্গে যারা আছেন তাদের ঘিরে গল্পের বাঁকবদল হয়। দর্শক দেখে অন্য রকম স্বাদ পাবেন।
২০১৯ সালে শুরু হয় ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র শুটিং। পরবর্তী সময়ে নির্মাতা বদল হয়ে বর্তমানে ওয়েব ফিল্ম হিসেবে আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে।










