কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ইধিকা অভিনীত প্রথম সিনেমা বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’। আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি ঈদে মুক্তি পায়। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ইধিকাই অভিনয় করেছেন। সারা বাংলাদেশের মোট ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমা এরই মধ্যে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে প্রিয়তমার প্রিয়তমর ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমায় অভিনয় করে ইধিকা মনে করেন জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছেন।

ইধিকার জন্মদিন ছিল গতকাল। তার ইচ্ছা ছিল এবারের জন্মদিনটা ঢাকায় উদযাপন করার। প্রিয়তমার ব্যাপক সাড়া পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু কারণে তা সম্ভব হয়নি। ইধিকা পাল এ নিয়ে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘সত্যি বলতে কী, কখনই জন্মদিন নিয়ে পরিকল্পনা করা হয় না। বেশ কয়েক বছর ধরে শুটিং লোকেশনেই সবার সঙ্গে কেটেছে। এরপর বাসায় এসে উদযাপন করেছি। তবে এবারের জন্মদিনে আমি প্রিয়তমাকে গিফট হিসেবে পেয়েছি। এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের প্রশংসা পেয়েছি যে ভীষণ ভালো লেগেছে। প্রিয়তমাই আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার।’

সিনেমার সাফল্য ইধিকাকে আপ্লুত করেছে। জন্মদিনকেও করেছে বিশেষ। তিনি বলেন, ‘‌এবারের জন্মদিনটা আমার কাছে একটু বেশিই বিশেষ। শুধু প্রিয়তমার কারণে। প্রিয়তমাকে ঘিরে আমার যে প্রাপ্তি, প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাকে ঘিরে যে অর্জন, এরপর আসলে চাওয়ার কিছু থাকে না।’ সিনেমাটি এরই মধ্যে সফল, তবে এর আরো সাফল্য চান ইধিকা। তিনি বলেন, ‘‌প্রিয়তমা আরো মানুষ দেখুক, রেকর্ড গড়ুক, এটাই চাওয়া প্রিয়তমাকে ঘিরে। এটাও সত্যি, কলকাতার মানুষের কাছ থেকেও বেশ ভালো সাড়া পাচ্ছি। কলকাতায়ও প্রিয়তমা মুক্তির অপেক্ষায় সবাই। সর্বোপরি আমি কৃতজ্ঞ আরশাদ আদনান ভাই, আমার হিরো শাকিব খান, পরিচালক হিমেল আশরাফসহ পুরো প্রিয়তমা টিমের প্রতি। এ টিমের সঙ্গে করা কাজের প্রতিটি মুহূর্ত সারা জীবন আমার মনে গেঁথে রবে।’

প্রয়াত ফারুক হোসেনের গল্পে প্রিয়তমা সিনেমায় ইধিকা পাল অভিনয় করেছেন ইতি চরিত্রে। তার বিপরীতে সুমন চরিত্রে শাকিব খান অভিনয় করেছেন। আরো অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরো অনেকে।