পাঁচ মাসে আগে ক্যালিফোর্নিয়ার পাহাড়ে
নিখোঁজ হয়েছিলেন হলিউড অভিনেতা জুলিয়ান স্যান্ডস। সম্প্রতি ওই এলাকায় মিলেছে অজ্ঞাত মানব দেহাবশেষ। একদল হাইকারের চোখে পড়ে মৃতদেহটি। খবর এপি।
এ বিষয়ে এক বিবৃতিতে সান বার্নার্ডিনো
কাউন্টি শেরিফ জানান, গতকাল শনিবার (২৪ জুন) সকালে মাউন্ট বালডি এলাকায় মানব দেহাবশেষ আবিষ্কৃত
হয়। আগামী সপ্তাহে পরিচয় শনাক্তে ব্যবস্থা নেয়া হবে।
লস অ্যাঞ্জেলেস থেকে পূর্বে ১০ হাজার ফুট
উঁচু পর্বত চূড়ার উদ্দেশ্যে যাত্রার পর গত ১৩ জানুয়ারি নিখোঁজ হন ব্রিটিশ বংশোদ্ভূত
জুলিয়ান স্যান্ডস। ৬৫ বছর বয়সী এ অভিনেতা পর্বতারোহী হিসেবেও পরিচিত ছিলেন।
জুলিয়ানের ভ্রমণ করা সর্বশেষ এলাকাটি বেশ
বিপদসংকুল। এ এলাকায় শীতকালে প্রচণ্ড ঝড় হয়।
এদিকে নিখোঁজ হওয়ার পর প্রথমবার গত শুক্রবার
(২৩ জুন) বিবৃতি প্রকাশ করেছে স্যান্ডসের পরিবার। যেখানে পিতা, স্বামী, অভিযাত্রী,
প্রকৃতি ও শিল্পপ্রেমিক এবং অভিনয়শিল্পী হিসেবে তার অর্জনকে শ্রদ্ধা জানানো হয়।
১৯৮৫ সালের চলচ্চিত্র ‘আ রুম উইথ আ ভিউ’-এ অভিনীত চরিত্রের
জন্য স্যান্ড সবচেয়ে বেশি পরিচিত। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
এর আগে ১৭ জুন জুলিয়ান স্যান্ডসের খোঁজে
অষ্টম দফা অভিযান চালানো হয়।










