অবশেষে বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। হবু বরের নাম রাঘব চাড্ডা। তিনি আম আদমি পার্টির নেতা ও পাঞ্জাবের রাজ্যসভার সংসদ সদস্য। শনিবার নয়াদিল্লির ঐতিহ্যবাহী স্থাপনা কাপুরথালা হাউজে পারিবারিক আয়োজনে আংটি বদল করেন তারা। বাগদানে হবু বরের সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিণীতি লিখেছেন, ‘যা চেয়েছিলাম তাই পেলাম, ঈশ্বর আমাদের কল্যাণ করুক।’ ছবি শেয়ার করার পর থেকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে নতুন এ জুটির ছবি শেয়ার হতে থাকে। মূলত সাদামাটাভাবে এলিগ্যান্ট লুকের জন্যই নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন এ জুটি।

পরিণীতি মনীশ মালহোত্রার ডিজাইন করা হালকা গোলাপি আভার সালোয়ার স্যুট পরেছিলেন। গোলাপির মিশেল এতই হালকা যে সাদা বলে ভুল হবে।

বলিউডে বিয়ের সানাই বাজতেই ব্যস্ত হয়ে পড়েন ভারতের জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রা। এরই মাঝে তিনি পরিণীতির বাগদানের পোশাক সম্পর্কে বিশদ বর্ণনা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। পরিণীতির হালকা গোলাপি সালোয়ার স্যুটটি হাজারো মুক্তা দিয়ে কাজ করা। আর ওড়নায় করা হয়েছে কাশ্মীরি থ্রেডওয়ার্কের নিখুঁত কাজ। যেখানে ব্যবহার করা হয়েছে কয়েক’শ মুক্তা। আর তার সালোয়ারের ছিল ফ্লেয়ার ডিজাইন করে মুক্তার চওড়া বর্ডার।

পরিণীতির সালোয়ার স্যুটের গলা আলাদাভাবে নজর কাড়ে মুক্তার জন্য। পাকিস্তানি স্টাইলে পোশাকটির হাতায় মুক্তার চওড়া বর্ডার নতুন মাত্রা এনেছে। পোশাকের সঙ্গে মানানসই গহনা পরেছিলেন বলিউডের এ অভিনেত্রী। কানে ছিল পলকি কুন্দন ও হীরাখচিত কানের দুল। নিজেকে আলাদা করতে এর সঙ্গে লম্বা টিকলি পরেছিলেন পরিণীতি। টিকলিতেও ছিল পলকি ও হীরার বহর। সবকিছুর সঙ্গে মিলিয়ে নো মেকআপ লুকে সবার নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। পোশাক ও অনুষঙ্গ অনুযায়ী হাই হিলের বদলে ফ্ল্যাট মুক্তার জুত্তি পরেছিলেন এ অভিনেত্রী। অন্যদিকে রাঘবের পরনে ছিল সাদা আচকান। পোশাকের সঙ্গে মানাসই জুতা ও রুপালি রঙের ব্র্যান্ডেড হাতঘড়ি।

বাগদান আয়োজনের অন্যতম অনুষঙ্গ আংটি। পরিণীতি ও রাঘবের বাগদানের আংটি ছিল নজর কাড়া। পরিণীতির আংটি ছিল প্লাটিনাম ও হীরাখচিত। অন্যদিকে রাঘবের আংটি প্লাটিনামের, যেটি ব্র্যান্ড স্টাইলের।

বাগদান অনুষ্ঠানে নজর কেড়েছেন পরিণীতির চাচাতো বোন এবং বলিউড ও হলিউডের জনপ্রিয় মুখ প্রিয়াংকা চোপড়া। ৭৮ হাজার রুপি লাইম কালারের শাড়ি সেটে অনবদ্য লাগছিল তাকে। এছাড়া ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও তাদের নতুন এ সূচনালগ্নে অংশ নিয়েছিলেন।

রাঘব ও পরিণীতি একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। সেখান থেকেই পরিচয় দুজনের। সম্প্রতি কয়েকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে থেকেই প্রেমের গুঞ্জন চলছিল তাদের। এবারে তারা হাঁটছেন পরিণয়ের পথে।

সূত্র: ইন্ডিয়া টুডে