যেকোনো উৎসব কিংবা উপলক্ষ মাথায় রেখে নাটক নির্মাণে মন দেন নির্মাতারা। ঈদকে সামনে রেখেও চলছে তোড়জোড়। বিভিন্ন ধারার নাটক নির্মাণ হয় প্রতি বছর ঈদে, তবে দর্শকের কথা মাথায় রেখে রোমান্টিক নাটকের সংখ্যা একটু বেশি থাকে। পর্দায় দেখা মেলে নতুন কোনো রোমান্টিক ঘরানার গল্পে নতুন কোনো জুটিকে। আসছে নাটকে দেখা যাবে নিলয় আলমগীর ও সাফা কবিরকে। নাটকের নাম ‘ওয়াদা’। এতে রাশেদ ও জুথি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও সাফা।

নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।

নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এ কাজ বেশ সিরিয়াস গল্পের। নিখাদ প্রেমের গল্প এটা। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে স্ট্রিম হবে ওয়াদা।