পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন তিনি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসবেন। কবে আসবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে। তবে জানা গেছে, ঢাকায় তার কয়েক দিনের পরিকল্পিত সফর থাকবে, যা দর্শক ও ফ্যানদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে।
হানিয়া আমির শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশের দর্শকের মধ্যেও নিজের অনন্য জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার বিশাল ফ্যানবেস ও অভিনয়দক্ষতার জন্য তিনি বেশ পরিচিত। ঢাকায় আসার সময় তিনি বিভিন্ন অনুষ্ঠান ও ফ্যান মিটিংয়ে অংশ নেবেন, যা ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এর পর থেকে এক দশক ধরে তিনি ধারাবাহিকভাবে টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের খ্যাতি প্রতিষ্ঠা করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিরিজ ও চলচ্চিত্রের মধ্যে রয়েছে: ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’। এসব কাজের মাধ্যমে তিনি রোমান্টিক, কমেডি, ড্রামা ও গ্ল্যামারাস চরিত্রে সমানভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বলিউডে পা রেখেছেন ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি পাকিস্তানে বড় সাফল্য পেয়েছে এবং হানিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয় সব ধরনের চরিত্রে তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তার অভিনয়গুণে তাকে বড় পরিসরে জনপ্রিয় করে তুলেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ আরো জানিয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সে ধারাবাহিকতায়ই এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। তার এ সফর শুধু একটি ব্র্যান্ড ইভেন্ট নয়, বরং দুই দেশের ফ্যানদের কাছে একটি বিশেষ সাংস্কৃতিক ও বিনোদনমূলক মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।










