হলিউডে বড় কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। কিছুটা ঝিমিয়েই গেছে যেন। আবার এরই মধ্যে দু-একটি সিনেমা ধীরে ধীরে ব্যবসা করে নিচ্ছে। রায়ান কুগলারের ‘সিনার্স’ ও মার্ভেলের ‘থান্ডারবোল্টস’ এর মধ্যে দুটি সিনেমা। মূলত এ দুই সিনেমাই বক্স অফিসে কিছু আয় করছে। এর মধ্যে থান্ডারবোল্ট এখন তালিকায় এক নম্বরে। এর পরেই আছে সিনার্স। এ সপ্তাহে মুক্তি পেয়েছে ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। সিনেমাটি খুব বেশি আয় করতে পারেনি।
থান্ডারবোল্টস আয় করেছে আরো ৯০ লাখ ডলার। এর অন্যতম কারণ সিনেমাটি এখনো আইম্যাক্সে দেখানো হচ্ছে। প্রিমিয়াম এ অভিজ্ঞতার জন্য অনেক দর্শকই বেছে নিচ্ছেন সিনেমাটি। এর মধ্য দিয়ে সিনেমাটি উত্তর আমেরিকা থেকে তুলে নিয়েছে ১০ কোটি ডলার। ধারণা করা হচ্ছে এ সপ্তাহ শেষে উত্তর আমেরিকা থেকে সিনেমাটির আয় হবে ১৩ কোটি ডলার।
অবশ্য এরই মধ্যে আগামী সপ্তাহে এ সিনেমার দর্শক ৫৩ শতাংশ কমে যাচ্ছে বলে মনে হচ্ছে সিনেমা বিশ্লেষকদের। তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সাম্প্রতিক অন্য সব সিনেমার তুলনায় এটি নিয়ে দর্শক ইতিবাচক মত দিয়েছেন। মার্ভেলের অন্যান্য সাম্প্রতিক সিনেমার তুলনায় থান্ডারবোল্টস বক্স অফিসে ভালো করেছে তা দৃশ্যমান। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ আয় করেছে ৪১ কোটি ডলারের বেশি। কিন্তু মুক্তির দুই সপ্তাহে খুব বেশি আয় করেনি। ‘শ্যাং চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস’ দুই সপ্তাহে আয় করেছিল ১১ কোটি রুপির মতো। সেদিক থেকে থান্ডারবোল্টস ভালো করছে।
কাছাকাছি সময় এখনো বক্স অফিসে নিজের অবস্থান ধরে রেখেছে রায়ান কুগলার পরিচালিত সিনার্স। সিনেমাটি গত শুক্রবার আয় করেছে ৬৫ লাখ ডলারের মতো। এ নিয়ে এর মোট আয় হলো ২০ কোটি ডলার।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










