একসময়ে বলিউডে দারুণ জনপ্রিয় ছিলেন রাভিনা ট্যান্ডন। অনীল কাপুরের সঙ্গে ‘লাডলা’, অক্ষয় কুমারের বিপরীতে ‘মোহরা’, সালমান খান-আমির খানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা’য় দেখা গিয়েছিল রাভিনাকে। গত বছর দক্ষিণী সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ দিয়ে নতুন করে ফিরেছেন তিনি। রামিকা সেন চরিত্রে রাভিনার অভিনয় প্রশংসিত। তবে ক্যারিয়ারে একটা সময় সম্ভাবনাময় বহু সিনেমা ফিরিয়ে দিয়েছেন রাভিনা। সে তালিকায় আছে করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে মণি রত্নমের ‘দিল সে’।
কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় টিনা চরিত্রে দর্শক পেয়েছে রানী মুখার্জিকে। তবে রানীর পরিবর্তে এ সিনেমায় থাকতে পারতেন রাভিনা ট্যান্ডন। রানীর আগে অন্য অনেক অভিনেত্রীকেই টিনা চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন করণ। তারা বিভিন্ন কারণে রাজি হননি। রাভিনাও ছিলেন তাদের মধ্যে।
বিরতির পর রাভিনা তখন ফিরেছিলেন অভিনয়ে। মনে হয়েছিল ক্যারিয়ারে তেমন কিছুই করে উঠতে পারেননি তিনি। তবু পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না। তাই ফিরিয়ে দেন করণ জোহরের প্রস্তাব। এরপর দিল সের ‘ছাইয়া ছাইয়া’ গানটির দৃশ্যেও অভিনয় করতে চাননি রাভিনা। ‘আইটেম গার্ল’-এর তকমা গায়ে লাগাতে চাননি।
এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, ‘করণ যখন আমার কাছে কুছ কুছ হোতা হ্যায়ের প্রস্তাব নিয়ে এসেছিলেনে, দুর্ভাগ্যবশত তখন আমার ক্যারিয়ারের ঝুলি শূন্য। বিরতির পর আমি নতুন করে শুরু করতে চাইছিলাম। তখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। করণের প্রস্তাবটা তেমনটাই ছিল, যেমনটা আমি চাইছিলাম।’
তবু রাজি হলেন না। কেননা চরিত্রটি মূল চরিত্র নয়। রাভিনার ভাষায়, ‘আমার পরিস্থিতিটা করণকে বোঝানো কঠিন ছিল। তবে এখনো চরিত্রটা না করার জন্য আক্ষেপ হয়, এখনো আমরা একসঙ্গে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
রাভিনা জানিয়েছেন, টিনার চরিত্রে তিনি অভিনয় করলে মুখ্য চরিত্রের প্রস্তাব পাওয়া কঠিন হতো। পার্শ্ব চরিত্রেই তাকে অভিনয় করে যেতে হতো একের পর এক ছবিতে। কেননা ‘রক্ষক’-এর গান ‘শেহের কি লড়কি’-তে অভিনয়ের পর পর ওই ধরনের আইটেম গানের প্রস্তাবই তিনি পেতে শুরু করেছিলেন বলে জানান রাভিনা।
তিনি বলেন, ‘দিল সের ছাইয়া ছাইয়া"গানে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, এটা একটা বড় আক্ষেপ আমার। মণি রত্নম স্যার আর শাহরুখ, দুজনেই ফোন করে আমায় সেই চরিত্র করতে বলেছিলেন, কিন্তু আমি আইটেম গার্ল হিসেবে একটা বিশেষ ধাঁচের মধ্যে পড়ে যাচ্ছিলাম বলে করতে চাইনি।’
সূত্র: বলিউড হাঙ্গামা










