অভিনেতা ইরফান খান মারা গেছেন ২০২০ সালে। ২৯ এপ্রিল তার মৃত্যুর তিন বছর পূর্ণ হবে। এক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান তিনি। তার শেষ সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে দ্য সঙ অব স্করপিয়নস। সিনেমাটি কখনো থিয়েটারে মুক্তি পায়নি। ইরফানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এটি ভারতের থিয়েটারে মুক্তি পাচ্ছে। মঙ্গলবার রাতে ইরফানপুত্র বাবিল খান তার ইনস্টাগ্রামে এ নিয়ে একটি পোস্ট করেন। বুধবার সিনেমার ট্রেলারও শেয়ার করেন তিনি।

দ্য সঙ অব স্করপিয়নস ভিন্ন ধারার সিনেমা। ভারতীয় সিনেমা বা বলিউডের প্রচলিত সিনেমার মতো নয় এটি। সিনেমার পোস্টার শেয়ার করে এ নিয়ে বাবিল লিখেছেন, ‘‌ভালোবাসা, প্রতারণা ও একটি গান।’ ২০১৭ সালে সিনেমাটি নির্মাণ করেছিলেন অনুপ সিং। দ্য সঙ অব স্করপিয়নস ভারতেরই কাহিনী, কিন্তু এতে ইরানি সিনেমার ছাপ আছে। অভিনয় করেছেন ওয়াহিদা রহমান, শশাঙ্ক অরোরা, তিলোত্তমা সোম ও ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারাহানি।

দ্য সঙ অব স্করপিয়নস মূলত রাজস্থানের গল্প নিয়ে নির্মিত। রাজস্থানের লোকজ পুরাণ থেকে এর গল্প নেয়া হয়েছে। গল্প অনুসারে বিছার কামড়ে একজন ব্যক্তি ২৪ ঘণ্টার মধ্যে মারা যায়, যদি না কোনো ‘‌স্করপিয়ন সিংগার’ গান গেয়ে বিষ না নামায়। আর এ গান সাধারণত গায় রাজস্থানের নির্দিষ্ট কিছু গোত্রের নারীরা। তেমনই একজন হলো নূর। নূরের চরিত্রে অভিনয় করেছেন ফারাহানি। সিনেমাটিতে আদম-হাওয়া বা প্রাক মানুষের প্রবৃত্তির কিছু বিষয় আনা হয়েছে। ইরফান অভিনয় করেছেন আদম চরিত্রে। রাজস্থানের গল্প হলেও সিনেমাটি নির্মিত হয়েছে সুইস, ফ্রেঞ্চ, সিঙ্গাপুরি, হিন্দি ও রাজস্থানী ভাষায়।

সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল এ সিনেমার। এখন নতুন করে মুক্তি পাবে ভারতের থিয়েটারে। সিনেমার সহপ্রযোজক জিশান আহমেদ বলেন, ‘‌এ সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সম্মানিত। এছাড়া ইরফান খানের শেষ সিনেমাটি ভারতে তার ভক্তদের জন্য থিয়েটারে আনতে পেরে আমরা আনন্দিত।’

সূত্র: ইয়ন