দীর্ঘ নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এ নায়ক। গতকাল বেলা ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে। নায়কের দেশে ফেরার খবরে আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন তার ভক্তরা। তাদের নিরাশ করেননি এ তারকা। বিমানবন্দর থেকে বের হয়েই ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বিমানবন্দের সিআইপি গেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন শাকিব খান। তিনি বলেন, ‘সবসময়ই মনে হয়েছে কখন তিনি দেশে ফিরবেন। আমি ফ্লাইটে বারবার জিজ্ঞেস করছিলাম ল্যান্ড করতে কতক্ষণ লাগবে। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এ ভালোবাসার কাছে আমি ঋণী। আপনারা সবাইকে আমি খুব মিস করেছি। আমি সত্যিই মুগ্ধ।’
কাজের প্রসঙ্গে জানতে চাইলে শাকিব খান বলেন, ‘সবে তো দেশে এলাম। আগামীতে কী কাজ করব সেটা সময় বলে দেবে, স্পেশাল খবর আসছে। সবসময় আমার চেষ্টা ছিল বাংলা সিনেমার জন্য কিছু করার। আমাদের দেশের বাণিজ্যিক সিনেমা বিশ্বদরবারে ছড়িয়ে দেয়ার কাজ করেছি। সিনেমার জন্য এখন ভাষা কোনো বিষয় না। কোরিয়ান আর তামিল সিনেমাগুলো বিশ্ববাজারে ছড়িয়ে গেছে। আমাদের বাংলা সিনেমা নিয়ে কাজ করতে হবে।’
শাকিব খানকে সর্বশেষ দেখা গিয়েছে ‘গলুই’ সিনেমায়। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় এ সিনেমা।










