এবারের ঈদের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই স্টুডিওর যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি দেখতে দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এ সিনেমায় তমা মির্জা অভিনয় করেছেন ময়না চরিত্রে। এরই মধ্যে দর্শকের প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘আমি আমার অভিনয় জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তে আছি। হ্যাঁ, এটা সত্যি, সুড়ঙ্গ আমার চলচ্চিত্র ক্যারিয়ারের সেরা সিনেমা। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাতে চাই এর প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল, পাশাপাশি নির্মাতা রায়হান রাফিকে এবং সেই সঙ্গে অবশ্যই আমার অন্যতম সহশিল্পী প্রিয় আফরান নিশো ভাইকে। মাসুদ চরিত্রে তিনি যে অনবদ্যতার সৃষ্টি করেছেন, তা দর্শকের মুখে মুখে। তার সর্বাত্মক সহযোগিতার কারণেই আমি ময়না চরিত্রটিও যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।’
সুড়ঙ্গ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হলো আফরান নিশোর। এতে নিশোকে দেখা গেছে মাসুদ চরিত্রে। পর্দায় মাসুদের স্ত্রী ময়না হয়ে উঠেছিলেন তমা। সিনেমাটি প্রসঙ্গে দর্শককে উদ্দেশ করে তমা বলেন, ‘আমার বিশ্বাস সুড়ঙ্গর এ জোয়ার আরো বহুদিন চলবে। দর্শকের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা। আপনাদের কারণেই সুড়ঙ্গ হয়ে উঠেছে একটি সফল সিনেমা। আমরা অনুপ্রাণিত হয়েছি আগামীতে আরো ভালো গল্পের সিনেমা আপনাদের উপহার দেয়ার জন্য।’
গত মার্চে রায়হান রাফীর সিনেমার শুটিং শুরু হয়েছিল। সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেক জায়গায়ই শুটিং হয়েছে এর। সুড়ঙ্গের শুটিং অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘অনেক বছর পর আমি এ রকম কষ্ট করে শুটিং করেছি। শুধু আমি নই, পুরো টিম শুটিংটা করতে গিয়ে অনেক শ্রম দিয়েছে। তার পরও শান্তির জায়গা একটাই, আমরা যতটুকু শুট করেছি, তাতে কোনো কম্প্রোমাইজ করিনি।’
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল, যার প্রমাণ মেলে সিনেমা মুক্তির পর। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানছে এ সিনেমা। দর্শকের আগ্রহ দেখে শোয়ের সংখ্যা বাড়িয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। বর্তমানে সুড়ঙ্গ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তমা। প্রায়ই দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখছে এ সিনেমার পুরো টিম। মুক্তির প্রথম দিন ঢাকার সবগুল হলে গিয়ে দর্শকের অনুভূতি জেনেছে তারা।
বড় পর্দায় তমার অভিষেক ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে। এরপর একাধিক সিনেমায় দেখা গেছে থাকে। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা। ওয়েব দুনিয়ায় নিয়মিত বিভিন্ন চরিত্রে চমক দিয়েছেন তিনি। এবার তার ক্যারিয়ারে নতুন সংযোজন হলো সুড়ঙ্গ।
নিশো ও তমা ছাড়াও সুড়ঙ্গে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, বাইজিদ হাসান ও সানজাত হাসান তুহিন। এছাড়া সিনেমাটির আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। দেশের সীমানা ছাড়িয়ে সুড়ঙ্গ এরই মধ্যে দেশের বাইরেও মুক্তি পেয়েছে। ৭ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে মুক্তি পেয়েছে এটি এবং ২১ জুলাই নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। তারপর ২৮ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে মুক্তি দেয়া হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে সিনেমাটি মুক্তির প্রক্রিয়া চলছে। ভারতের পশ্চিমবঙ্গেও যাচ্ছে এ সিনেমা।










