এশিয়ান সুপার হিরো শ্যাং-চিকে নিয়ে মার্ভেলের প্রথম ছবি শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস বক্স অফিসের শীর্ষে জায়গা করে নিয়েছে। গত শুক্রবার সিনেমাটি আয় করেছে ৩৬ লাখ মার্কিন ডলার।
এতদিন আয়ের বিবেচনায় মহামারীকালীন ডেসটিন ড্যানিয়েল ক্রিটন পরিচালিত সিনেমা ব্ল্যাক উইডো ছিল সবার শীর্ষে। যুক্তরাষ্ট্র ও কানাডায় এ ছবির মোট আয় ১৮৬ মিলিয়ন ডলার। তবে শ্যাং-চির যাত্রা এখানেই শেষ নয়। সব মিলিয়ে এতে যুক্তরাষ্ট্রের বাজারে সিনেমাটির আয় দাঁড়াতে পারে ১৯৬ মিলিয়ন ডলারের বেশি।
শ্যাং-চির ব্যবসায়িক সাফল্যকে চলচ্চিত্রের হল ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে । কারণ ছবিটি মুক্তির পর ৪৫ দিন শুধু হলে চলেছে। অন্যদিকে ব্ল্যাক উইডোসহ আরো অনেক নতুন সিনেমার হলে এবং স্ট্রিমিং সাইটে হাইব্রিড মডেলে মুক্তি দেয়া হয়েছে।
সব হিসাব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে এ সপ্তাহ শেষে শ্যাং-চির আয় ২০০ মিলিয়ন ডলার ছাড়াবে বলে ধরে নেয়া হচ্ছে।
এদিকে উত্তর আমেরিকার বক্সঅফিসে শ্যাং-চির পরেই দ্বিতীয় অবস্থানে আছে ডিয়ার ইভান হ্যানসেন। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, সিনেমাটির প্রেক্ষাগৃহে সপ্তাহের প্রথম তিন দিনে আয় ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার। অন্যদিকে নতুন ডিজিটাল যুগে নিজেকে খুঁজতে চেষ্টা করছে এমন এক বিচ্ছিন্ন কিশোর ছেলের চরিত্রে বেন প্ল্যাট অভিনীত এ মিউজিক্যাল ফিচার ফিল্ম শুক্রবার আয় করে নিয়েছে ৩ দশমিক ২ মিলিয়ন। তৃতীয় অবস্থানে আছে রায়ান রেনল্ডসের ফ্রি গাই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










