খুবই অল্প টাকায় নির্মিত ‘দ্য কাশ্মীর
ফাইলস’ দিয়ে রাতারাতি বলিউডে শোরগোল তৈরি করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। বিতর্কিত বিষয়
ও পক্ষপাত অভিযোগ থাকা সিনেমাটির আয় ৩৪০ কোটি রুপির মতো। এক বছর পর নতুন সিনেমা ‘দ্য
ভ্যাকসিন ওয়ান’ নিয়ে ফিরে প্রথমেই ধাক্কা খেলেন বিবেক।
চলতি সপ্তাহে বলিউডে মুক্তি পেয়েছে
‘ফুকরে থ্রি’ ও ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এছাড়া এসেছে কঙ্গনা রনৌত অভিনীত দক্ষিণী সিনেমা
‘চন্দ্রমুখী টু’। তিন ছবির মধ্যে কমেডি ধারার সিনেমাটিই ভালো সাড়া পেয়েছে। আর দারুণভাবে
হতাশা করেছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। অন্যদিকে কঙ্গনা সিনেমাটি প্রথমদিন ভালো চললেও দ্বিতীয়দিনে
আয় নেমে এসেছে প্রায় অর্ধেক।
এদিকে ২৩তম দিনেও বক্স অফিসে সাড়ে ৫
কোটি রুপি আয় করে নিয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। মাত্র একদিন আগে ‘পাঠান’কে হারিয়ে
হিন্দি বলয়ে ব্যবসার নিরিখে বলিউডের শীর্ষ সিনেমার তকমা জুটেছিল ‘গাদার টু’র। কিন্তু
দিন গড়াতে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’ হিন্দি সংস্করণে ৫৩১ কোটি রুপি আয় করে সর্বকালের
শীর্ষ ব্যবসার মুকুট নিজের করে নিয়েছে।
‘জওয়ান’ ঝড়ের মাঝেও স্বস্তির নিঃশ্বাস
ফেলেছে একমাত্র ‘ফুকরে থ্রি’। গত বৃহস্পতিবার মুক্তি পাওয়া বরুণ শর্মা, রিচা চাড্ডা
ও পুলকিত সম্রাটের সিনেমাটি দুইদিনে আয় করেছে প্রায় ১৭ কোটি রুপি। রোববার ছুটির দিনে
এ অঙ্ক অর্ধশত কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন
ওয়ার’ মিশ্র থেকে নেতিবাচক রিভিউ পেয়েছে। বক্স অফিসেও সাড়া তেমন। নানা পাটেকরের মতো
শক্তিমান অভিনেতার এ ছবি প্রথম দিনে আয় করেছে মাত্র দেড় কোটি রুপি। দ্বিতীয় দিনে তা
টেনে-টুনে এক কোটি রুপি পর্যন্ত দাঁড়াতে পারে।










