ঈদ আনন্দে টেলিভিশেনের পর্দা সাজানো হয় নানা আয়জনে। একটি বড় অংশজুড়েই থাকে ঈদের সিনেমা। আজ চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পাবেন অনন্য মামুন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অমানুষ’। অভিনয়ে রয়েছেন নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে। সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে সিনেমাটি।

প্রতি বছরের মতো এবারের ঈদেও নাগরিক টিভিতে প্রচারিত হবে ২৮টি সিনেমা। ঈদের চতুর্থ দিন সকাল ৮টায় থাকছে ‘স্বপ্নের ঠিকানা’, অভিনয়ে সালমান শাহ ও শাবনূর। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘টাকার চেয়ে প্রেম বড়’, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বেলা ১টা ৫ মিনিটে ‘সবার ওপরে তুমি’। এ সিনেমায়  অভিনয় করেছেন শাকিব ও সস্তিকা। বিকাল ৪টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘প্রেমিক নাম্বার ওয়ান’, অভিনয়ে শাকিব-অপু-নিপুণ।

ঈদ আয়োজনে প্রতিদিন দুটি সিনেমা প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। সকাল ৯টায় থাকছে বক্স অফিসে হিট সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। আরেফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। বেলা ১টায় দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ‘মুখোশ’ সিনেমার। ইফতেখার শুভর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, পরী মনি, রোশন, ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ আরো অনেকে।

সকাল ১০টা ৫ মিনিটে বাংলাভিশনে থাকছে ‘ডেয়ারিং লাভার’। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।