আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আসর। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে প্রতি বছরের মতো এবারো চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। শিশু-কিশোরদের এ প্রাণের উৎসব আগামী বৃহস্পতিবার থেকে শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা চত্বরে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। 

সভাপতিত্ব করবেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ও সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। উদ্বোধনী পর্ব শেষে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’ প্রদর্শিত হবে।

এবারের উৎসব প্রসঙ্গে জানাতে সোমবার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, অধ্যাপক ইয়াসমিন হক, উৎসব কর্মকর্তা মুঈদ হাসান তড়িৎ। এ সময় উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন। এ আয়োজন নিয়ে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘‌সম্ভবত, এটাই পৃথিবীর সবচেয়ে বড় শিশু চলচ্চিত্র উৎসব। একে বাঁচিয়ে রাখতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা খুব প্রয়োজন।’

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, বেলা ২টা ও সন্ধ্যা ৬টায় মোট তিনটি প্রদর্শনী হবে। 

এবারের উৎসবে ঢাকায় দুটি ভেন্যু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজে বাংলাদেশ ছাড়াও আরো ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে।