প্রিয়দর্শিনী মৌসুমী ক’দিন আগেই করোনা থেকে মুক্ত হয়েছেন। এরপর তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন। তার সুস্থ হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে লকডাউনের মধ্যেই বিভিন্ন ধরনের কাজের প্রস্তাব আসতে শুরু করে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে শুটিংয়ে ফেরা হয়নি মৌসুমীর। গত রোববার রাতে অর্থাৎ ইফতারের পর দেশের একটি প্রখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে তিনি লাইভে আসেন। করোনা থেকে মুক্ত হওয়ার পর এটাই ছিল মৌসুমীর প্রথম দর্শকের সামনে আসা।

মৌসুমী জানান, করোনায় আক্রান্ত হওয়ার আগেই তার কাছে ঈদের বেশ কয়েকটি নাটকে কাজ করার প্রস্তাব এসেছিল। মৌসুমী তখনো করোনা আক্রান্ত না হলেও ততক্ষণে তিনি কাজ করার কোনো সিদ্ধান্ত নেননি। 

ঈদের আগে আর কোনো কাজে ফেরা হবে কিনা এ প্রসঙ্গে মৌসুমী বণিক বার্তাকে বলেন, ‘করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নই যদিও। শরীর বেশ খানিকটাই দুর্বল। কিন্তু কোনো শুটিং মনে হয় করা হবে না। কারণ নানাভাবে আমি শুনেছি যে যারা এই লকডাউনের মধ্যে শুটিং করছেন তারা সবাই স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছেন না, হাতেগোনা কয়েকজন ছাড়া। তাই আমি এ ঝুঁকিপূর্ণ সময়ে আর কোনো রিস্ক নিতে চাই না। ঈদের পর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে অবশ্যই ভালো স্ক্রিপ্ট পেলে শুটিংয়ে ফিরব ইনশাআল্লাহ।’

এদিকে মৌসুমী তার ভক্ত-দর্শকের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই যার যার অবস্থানে নিরাপদে থাকার চেষ্টা করবেন, ঘরের বাইরে জরুরি কাজ ছাড়া বের হবেন না। বের হলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। কারণ মাস্ক ব্যবহারে অনেকের ক্ষেত্রে অনীহা দেখা যায়। নিজের জীবনের সুরক্ষার জন্যই মাস্ক ব্যবহার করা জরুরি।’ মৌসুমী সর্বশেষ তারেক শিকদারের পরিচালনায় ‘ভক্ত’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন।