তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই
আগ্রহ থাকে দর্শকদের। বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটও ব্যতিক্রম
নয়। অনেকের ধারণা, তাদের দেখা হয়তো বা ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার শুটিং সেটে। অথবা আরেকটু
আগে। কিন্তু কোনোভাবেই তারুণ্যের আগে নয়। আসলে কী তাই!
সম্প্রতি নায়িকা এর জবাব দিলেন। ‘হার্ট
অব স্টোন’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে দেয়া এক সাক্ষাৎকারে জানান, রণবীরের সঙ্গে
প্রথম যখন দেখা হয় তিনি ছিলেন শিশুশিল্পী। আর রণবীর ছিলেন সহকারী পরিচালক।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রায়
১৮ বছর আগে ২০০৫ সালে রণবীরের সঙ্গে প্রথম দেখা হয়েছিল আলিয়ার। অমিতাভ বচ্চন ও রানি
মুখার্জি অভিনীত ‘ব্ল্যাক’ সিনেমার শুটিং সেটে প্রথমবার দেখা হয়েছিল তাদের। ওই সিনেমায়
অডিশন দিতে গিয়েছিলেন আলিয়া।
সঞ্জয়লীলা বানসালির আলোচিত এ সিনেমায়
সহকারী পরিচালক হিসেবে কাজ করেন রণবীর কাপুর। পরে একই পরিচালকের ‘সাওয়ারিয়া’ ছবিতে
নায়ক হিসেবে তার অভিষেক।
আলিয়া বলেন, ‘আমি রানি মুখার্জির ছোটবেলার
চরিত্রের জন্য অডিশন দিতে গিয়েছিলাম। বিখ্যাত সেই সিনেমায় আমার জায়গা হয়নি। কিন্তু
মজার ব্যাপার হলো ওই সেটেই আমার স্বামীর সঙ্গে প্রথম দেখা হয়।’
অবশ্য ‘ব্ল্যাক’ করা না হলেও বর্তমানে
সঞ্জয়ের অন্যতম ফেবারিট নায়িকা আলিয়া ভাট। তারা একসঙ্গে ‘গাঙ্গুবাই কাটিওয়াড়ি’ সিনেমায়
কাজ করেছেন। সামনে করবেন ‘বৈজু বাওরা’।
প্রথম দেখার নয় বছর পর ২০১৪ সালে ‘কফি
উইথ করণ’-এ হাজির হয়ে আলিয়া বলেছিলেন, অনেকদিন ধরেই রণবীরকে পছন্দ করেন এবং তাকেই বিয়ে
করতে চান।
আলিয়া ভাটের হলিউড ডেবিউ ‘হার্ট অব
স্টোন’ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। তার সঙ্গে এ সিনেমায় আছেন গাল গাদত ও
জেমি ডরনান। আলিয়ার পরবর্তী সিনেমা হবে ফারহান আখতারের ‘জি লে জারা’। সঙ্গে থাকবেন
প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ।










