মার্ভেলের অন্যতম চরিত্র হকআই। এ চরিত্রে অভিনয় করেছেন জেরেমি রেনার। তাকে চরিত্রটিতে ‘অ্যাভেঞ্জার্স’-এ দেখা গেছে। সেই সঙ্গে হয়েছে একটি সিরিজও। কিন্তু এক সিজনের পর হকআই থেমে গেছে। দ্বিতীয় সিজন আসেনি। দ্বিতীয় সিজন না আসা নিয়ে সম্প্রতি কথা বলেছেন জেরেমি। তিনি জানান, প্রথম সিজনের চেয়ে অনেক কম পারিশ্রমিক দেয়ার প্রস্তাবের কারণে তিনি এ সিরিজে অভিনয় করতে রাজি হননি।
সম্প্রতি হাই পারফরম্যান্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে এসব বিষয় উঠে আসে। স্বাভাবিকভাবেই আলোচনা গিয়ে ঠেকেছিল হকআই প্রসঙ্গে। ক্লিন্ট বার্টন চরিত্রে জেরেমি কেন ফিরছেন না এমন প্রশ্নের উত্তরে জেরেমি জানান, দ্বিতীয় সিজনের জন্য প্রথম সিজনের পারিশ্রমিকের অর্ধেক দেয়ার কথা বলা হয়েছিল তাকে। সে কারণেই রাজি হননি। জেরেমি বলেন, ‘নির্মাতারা আমাকে বলেছিলেন দ্বিতীয় সিজনে অভিনয় করতে। কিন্তু আমাকে প্রথম সিজনের পারিশ্রমিকের অর্ধেক পরিমাণ দেয়ার কথা বলেছিলেন দ্বিতীয় সিজনের জন্য। আমার মনে হলো, দ্বিগুণ কাজ করার জন্য আমাকে অর্ধেক পারিশ্রমিক দেয়ার কথা বলা হচ্ছে। প্রায় আট মাস এ সিরিজের জন্য সময় দিতে হতো আমাকে।’
কিন্তু জেরেমিকে কেন এত কম পারিশ্রমিক দেয়ার কথা বলা হলো? তিনি মনে করেন, এটা হয়েছে স্নোপ্লাও দুর্ঘটনার কারণে। জেরেমি রেনার বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। আমার খারাপও লেগেছিল। প্রশ্ন করতে ইচ্ছা করেছিল যে দুর্ঘটনার কারণে আমি অর্ধেক হয়ে গেছি, এমনটা তারা মনে করেন কিনা। না হলে প্রথম সিজনের অর্ধেক কেন প্রস্তাব করবেন?’
মূলত ২০২৩ সালে ১৪ হাজার ৩৩০ পাউন্ডের একটি স্নোপ্লাউয়ের নিচে চাপা পড়েছিলেন রেনার। এরপর দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। পাঁজরের আটটি হাড় ভেঙেছিল ১৪ স্থানে। সেই সঙ্গে ডান হাঁটু ও কনুইয়ের সঙ্গে বাম পায়ের টিবিয়া ও গোড়ালি ভাঙে। আরো নানা আঘাত পেয়েছিলেন জেরেমি রেনার।
তবে তিনি মনে করেন মার্ভেল হলে বিষয়টা এমন হতো না। তিনি বলেন, ‘এটা তো মার্ভেল নয়। কাজটা করছে কেবল ডিজনি। আবার আরো স্পষ্ট করে বলতে গেলে, সিদ্ধান্তগুলো নিচ্ছে ওখানকার হিসাবরক্ষণের লোকেরা। তারাই সব করছে। আমার কাছে তাদের প্রস্তাবটা অপমানজনক মনে হয়েছে।’
কিন্তু সে কারণে চরিত্রটি নিয়ে কোনো ক্ষোভ নেই জেরেমির। তিনি এখনো হকআই চরিত্রটি পছন্দ করেন। এ নিয়ে জেরেমি বলেন, ‘আমি এখনো হকআইকে ভালোবাসি। এখনো এ চরিত্রে অভিনয় করতে চাই। বেশি টাকাও চাইনি আসলে। আগের সিজনে যে পারিশ্রমিক পেয়েছি, সেটা দিলেই আমি রাজি। কিন্তু নির্মাতারা মানেননি, তাই সিরিজটিও আর হয়ে ওঠেনি।’
এ নিয়ে ভ্যারাইটি যোগাযোগ করেছিল মার্ভেলের সঙ্গে। কিন্তু তারা ভ্যারাইটিকে কোনো তথ্য দিতে রাজি হয়নি।
সূত্র: ভ্যারাইটি










