তারুণ্য নির্ভর নাট্যদল প্রাচ্যনাট। দলটি তাদের নতুন প্রযোজনা ‘দ্য আলটিমেট মাস্ক’ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এর কারিগরি প্রদর্শনী হবে। নাট্যনির্দেশক আজাদ আবুল কালামের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান।

দ্য আলটিমেট মাস্ক নাটকের মূল আলোচ্য বিষয় বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণ। এটি প্রাচ্যনাটের ৩৬তম প্রযোজনা। নাটকে দেখা যাবে—আব্দুল হাইয়ের নির্দিষ্ট কোনো পেশা নেই। সে কখনো খেলনা বিক্রি করে তো কখনো দা-বটি-খুন্তি বিক্রি করে কিংবা কখনো গার্মেন্টসের রিজেক্টেড কাপড়ও বিক্রি করে। স্ত্রী ও একাধিক সন্তান নিয়ে কোনো রকমে আব্দুল হাইয়ের দিন চলে যায়। এরমধ্যে বিশ্বজুড়ে উষ্ণায়ন ও পরিবেশ দূষণের প্রভাবে মানুষ মাস্ক পরে রাস্তায় বের হতে থাকে। আব্দুল হাই তাদের কাছে শোনে—বাতাসে নাকি মরণের উপাদান ভেসে বেড়াচ্ছে, তাই মাস্ক ছাড়া বাঁচার উপায় নেই! আব্দুল হাই এবার মুখোশ বিক্রি করতে শুরু করে। তার মুখোশের বাহারি রঙ-বেরঙের নকশার কারণে দ্রুত সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুখোশের খবর এমনভাবেই ছড়িয়ে পড়ে যে তার আঁচ গিয়ে লাগে পরিবেশ দূষণ নিয়ে এক বিশ্ব সম্মেলনের প্রস্তুতিতে। বিশ্বনেতারা সে সম্মেলনে তারই বানানো বায়ুদূষণবিরোধী মুখোশ পরতে চায়। আব্দুল হাই তাদের জন্য মুখোশ বানায়, আর তারপর...তারপর কী ঘটে তা জানতে দেখতে হবে নাটকটি।


নির্দেশকের কথা

এ শহরে আব্দুল হাইয়ের মতো মানুষরা টিকে থাকতে বাধ্য হয় জীবিকার তাগিদে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনগুলো তাদের অন্ন-সংস্থানের খোরাক জোগায়। এমন একজন সাধারণ মানুষ যদি খুঁজে পায় প্রকৃতির প্রতি অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের মোক্ষম উপায়, তখন তা হয়ে উঠতে পারে সমগ্র প্রাণিজগতের কল্যাণের কার্যকরী পদচিহ্ন!

ক্ষুদ্র কিন্তু ধারালো এ পাণ্ডুলিপিখানা যে ভাবনার খোরাক জোগায়, সেখান থেকেই জেগে ওঠে তাকে মঞ্চে নিয়ে আসার আগ্রহ। ভুক্তভোগীদের দলে আমরা সকলে, উত্তরণের পথ জেনেও থেকে যাই নিরুপায় হয়ে! পৃথিবীর ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষগুলো কি পারে না তাদের মানবিক চিন্তার জাগরণ ঘটাতে? পারে না বোমারু বিমানগুলোকে শঙ্খচিলে রূপ দিতে?

পেছনের কারিগর

নাট্য প্রযোজনাটির সহকারী নির্দেশনায় রয়েছেন সাইদুর রহমান শাহীন। এছাড়া মঞ্চ ও আলোক প্রক্ষেপণ ভাবনায় রয়েছেন মো. শওকত হোসেন সজীব, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, কোরিওগ্রাফিতে ফরহাদ আহমেদ শামীম, প্রপসে তানজি কুন এবং কস্টিউমে আফসান আনোয়ার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহমাদ সাকী, রকি খান, সাইদুর রহমান শাহীন, মাহমুদুল রাব্বি, অদ্রীজা আমিন, মনিষা শারমিন ইটি, সজীব হাজরা ও ডায়না মেরিলিন।

উল্লেখ্য, মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৯-এর ১৫ নভেম্বর নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।