ঈদে মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এতে তার বিপরীতে ছিলেন তমা মির্জা। নতুন খবর হলো এবার সুড়ঙ্গ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১৪ জুলাই রাতে তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে বাংলাদেশের সিনেমাটি। ভেঙ্কটেশ ফিল্মস তাদের পোস্টের ক্যাপশনে লিখেছে, ‘অপেক্ষা শেষ হচ্ছে। বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর ২১ জুলাই সুড়ঙ্গ পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।’ 

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির দুই প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল। এর পরিচালক রায়হান রাফী বলেন, ‘‌সিনেমাটি দেখার পর দর্শক প্রশংসা করছেন। এটি বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্লকবাস্টার হওয়ার পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ১০৮ হলে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ।’ ভারতে সিনেমা মুক্তির বিষয়ে এর আগে প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘‌ভারতের এসভিএফ থেকে সেন্সরে সুড়ঙ্গ জমা দেয়া হয়েছিল। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সিনেমা মুক্তির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।’ 

সুড়ঙ্গ সিনেমার নিশোকে দেখা গেছে মাসুদ চরিত্রে। পর্দায় মাসুদের স্ত্রী ময়না হয়ে উঠেছিলেন তমা। সিনেমাটি প্রসঙ্গে দর্শককে উদ্দেশ করে তমা বলেন, ‘‌আমার বিশ্বাস সুড়ঙ্গের এ জোয়ার আরো বহুদিন চলবে। দর্শকের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা। আপনাদের কারণেই সুড়ঙ্গ হয়ে উঠেছে একটি সফল সিনেমা। আমরা অনুপ্রাণিত হয়েছি আগামীতে আরো ভালো গল্পের সিনেমা আপনাদের উপহার দেয়ার জন্য।’

ঈদুল আজহায় ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ। এটি হলে দর্শক টানছে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তিনি জানান, সিনেমাটি প্রথম দিন হাউজফুল গেছে। দর্শকের আগ্রহ দেখে ঈদের দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলে সুড়ঙ্গ সিনেমার শোয়ের সংখ্যা বাড়িয়েছে। প্রথমে এ সংখ্যা ১৮ হলেও দ্বিতীয় দিন ৩৩ করা হয়েছে। এরই মধ্যে দেশের সীমানা ছাড়িয়ে সুড়ঙ্গ মুক্তি পেয়েছে আন্তর্জাতিক মহলে। অন্যদিকে ৭ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে মুক্তি পেয়েছে এটি। তারপর ২৮ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে মুক্তি দেয়া হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে সিনেমাটি মুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এর আন্তর্জাতিক পরিবেশক বায়স্কোপ ফিল্মস। 

নিশো ও তমা ছাড়াও সুড়ঙ্গে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, বাইজিদ হাসান ও সানজাত হাসান তুহিন। এছাড়া সিনেমাটির আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে।