দীর্ঘ প্রতীক্ষার পর আমির খান ফিরছেন তার আইকনিক সিনেমা তারে জামিন পারের সিকুয়াল নিয়ে! দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা ছিল।
তবে মুক্তির প্রথম দিন সে উন্মাদনা খুব একটা চোখে না পড়লেও দ্বিতীয় দিনে বক্স অফিসে ঘুরে দাঁড়িয়েছে আমির খানের সিতারে জামিন পার। ভারতীয় বক্স অফিসে প্রথম দিন বেশ ঢিলেঢালাভাবেই শুরু করা সিনেমাটির আয় দ্বিতীয় দিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, সিতারে জামিন পার প্রথম দিনে প্রায় ১১ কোটি টাকা দিয়ে বক্সঅফিসে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সাড়ে ২১ কোটি টাকার বাম্পার আয় করেছে সিনেমাটি। এক লাফে আয় বেড়েছে অনেকটা। দুদিনে সিনেমাটির মোট আয় ৩২ কোটি ২০ লাখ টাকা।
প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে দর্শক উপস্থিতি বেড়েছে অনেক। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলোয় যথাক্রমে ৪৩ শতাংশ ও ৫৬ শতাংশ দর্শক উপস্থিতি লক্ষ করা গেছে।
সিনেমা বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, দর্শকের মুখে মুখে সিনেমাটির প্রশংসা আরো দর্শক টানবে প্রেক্ষাগৃহে। প্রথম দিনের আয়ে বক্স অফিসে ব্যর্থতার যে শঙ্কা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কেটে যাবে। এর সামাজিক বার্তা দর্শককে আকৃষ্ট করতে সক্ষম।
তবে দীর্ঘ প্রত্যাশা থাকলেও সিনেমাটি প্রথম দিনে আমিরের ‘লাল সিং চাড্ডা’র আয়কেও ছাড়াতে পারেনি।
২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১ কোটি ৭ লাখ টাকা আয় করেছিল লাল সিং চাড্ডা। এমনকি সালমান খান অভিনীত ‘সিকান্দার’ এ বছর প্রথম দিন ২৬ কোটি টাকা আয় করে যাত্রা শুরু করে। সে আয়কেও টপকাতে পারেননি আমির খান। তবে ঢিলেঢালাভাবে শুরু করলেও দর্শক সমালোচকদের প্রশংসায় ভাসছেন আমির খান। সিতারে জামিন পারকে এ বছরের অন্যতম সুন্দর ও শিক্ষণীয় সিনেমা হিসেবেই রেটিং দিচ্ছেন অধিকাংশ দর্শক।
সিতারে জামিন পার পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। সিনেমাটি ১০ জন বিশেষ ক্ষমতাসম্পন্নকে নিয়ে, যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন আমির খান নিজে। এ অভিনেতারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’-এর হিন্দি সংস্করণ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা।
সূত্র: ইন্ডিয়া টুডে










