‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব-২০২৩’ উপলক্ষে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে।

শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের প্রসার, প্রচার ও নতুন প্রজন্মের শিল্পীদের এসব বিষয়ে আরো উৎসাহী করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবটি শুরু হবে আজ বিকাল ৫টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। এ উৎসবে অংশগ্রহণ করবেন দেশবরেণ্য বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত ও নৃত্যশিল্পীরা।

তামান্না তিথি ও দিলরুবা সাথীর সঞ্চালনায় উৎসবের শুরুটা হবে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। উৎসবের উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দীন।

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য কেবল ব্যাকরণ নয়, এটি একটি বিস্তৃত পরিপূর্ণ শিল্পমাধ্যম, যা সৌন্দর্য ও শক্তির সুপ্রকাশ ঘটায়। শাস্ত্রীয় সংগীত ও নৃত্য এক প্রকার ধ্যান এবং প্রার্থনা, যা আমাদের মনকে শান্ত রাখে। রাগ ও তাল শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের ভিত্তি। কঠোর অধ্যবসায় ও সাধনার মাধ্যমে একজন শিল্পী নিজেকে শাস্ত্রীয় সংগীত এবং নৃত্য পরিবেশনার উপযোগী করে গড়ে তোলেন।

একাডেমির গণসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, উৎসবে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন রেজওয়ান আলী লাভলু, কানিজ হুসনা আহমেদী, অন্তরা মণ্ডল, বিটু শীল, রেজওয়ানুল হক, প্রিয়াংকা গোপ, ফকির শহিদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মণ্ডল, অসিত দে, সুস্মিতা দেবনাথ, সৌমিতা বোস, ইউসুফ আলী খান, ইয়াকুব আলী খান, সাইফুল তানকার, শেখ জসিম, ড. অসিত রায়, ড. শেখর মণ্ডল, ড. হারুন অর রশিদ, করিম সাহাবুদ্দিন, অভিজিৎ কুণ্ডসহ আরো অনেকে।