মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র গিরিকন্যা সেন্সর ছাড়পত্র পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে চলচ্চিত্রটি দর্শকের সামনে আসছে।

আগামীকাল সন্ধ্যা ৬টায় উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

আলোচক থাকবেন জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন।

সেন্সর কপি হাতে নিয়েই নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, আমাদের দেশে যেসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে তাদের মাতৃভাষাকে শ্রদ্ধা ও সম্মান জানাতেই আমাদের এ কর্মপ্রয়াস। বাঙালি জাতি মায়ের ভাষার জন্য রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে, সব মানুষের মাতৃভাষার অধিকার সমুন্নত রাখা রাষ্ট্রেরই দায়িত্ব। পাকিস্তানি শাসকেরা বাংলা ভাষার প্রশ্নে যখন গুলি চালিয়েছে, সে রক্তস্রোত আজ বিশ্বের সব প্রান্তে পৌঁছে গেছে। তাই আমাদের ভূখণ্ডে যেসব ভাষার অস্তিত্ব আছে সেসব মানুষের মাতৃভাষাকে সম্মান জানানোর জন্য গিরিকন্যা একটি উদ্যোগ মাত্র।

ছবিটির কাহিনীতে স্থান পেয়েছে পরিবেশ রক্ষার প্রত্যয়। বান্দরবান পার্বত্য জেলার মারমা জনগোষ্ঠীর একজন প্রবীণ চিকিৎসক ডা. মং উষা থোয়াইয়ের গল্প অবলম্বনে এবং প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি দেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি।