গতকাল শুরু হলো ‘প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২২’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এ আয়োজন। গতকাল সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। চলচ্চিত্র উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিষয়ক তিনটি সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি ও চলচ্চিত্র আন্দোলনের সম্মিলিত প্রয়াসে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ উৎসবে থাকছে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আজীবন সম্মাননা প্রদান, ডিরেক্টর’স টক ও চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ চারটি বিষয়ের ওপর ওয়ার্কশপসহ নানা আয়োজন।
এবারের উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান চলচ্চিত্রের পরিচালক কাজী হায়াত। মরণোত্তর সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ুন ফরীদি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১০টায় শুরু হয় প্রযোজনার ওপর ওয়ার্কশপ ‘প্রডিউসিং উইথ আরিফুর রহমান’। সিনেমাটোগ্রাফির ওপর ওয়ার্কশপটি শুরু হয় বেলা ২টায়, যেটিতে অংশ নেন আয়নাবাজি চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার রাশেদ জামান। মধ্যাহ্ন বিরতির পর ‘চন্দ্রাবতী কথা’র মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয় বিকাল সাড়ে ৪টায় এবং সন্ধ্যা ৭টায় ‘অলাতচক্র’
দেখানো হয়।
আজকেও থাকছে দুটি ওয়ার্কশপ। সকাল ১০টায় সাউন্ড ডিজাইনিং উইথ হারুন অর রশিদ শীর্ষক ওয়ার্কশপ এবং পরে বেলা ১টায় স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’। ওয়ার্কশপটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার নুরুল আলম আতিক।
দ্বিতীয় দিনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীতে বেলা সাড়ে ৩টায় ‘নোনা জলের কাব্য’
ও সন্ধ্যা ৭টায় ‘রেহানা মরিয়ম নূর’
দেখানো হবে। একই দিনে জনপ্রিয় ওয়েবসিরিজ ‘শাটিকাপ’-এর পরিচালক তৌকির ইসলামের সঙ্গে বিকাল ৫টা ৩০ মিনিটে থাকছে ডিরেক্টর’স টক।
উৎসবের তৃতীয় দিন বেলা ২টা থেকে থাকছে নির্বাচিত শর্ট ফিল্ম প্রদর্শনী। যেখানে ২০টি দেশ থেকে ১৫০-এর বেশি চলচ্চিত্রের মধ্য দিয়ে ২৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে।
প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২২-এর শেষ দিনে বিকাল ৫টা ৩০ মিনিটে মিট দি আর্টিস্ট সেগমেন্টের আয়োজন করা হয়েছে। এতে থাকবেন জনপ্রিয় অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামাণিক। এদিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসবের। এতে জুরি হিসেবে থাকছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নুরুল আলম আতিক ও প্রসূন রহমান।










