অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত আছে ‘দ্য সুপার মারিও ব্রোস’ সিনেমার। বৈশ্বিক বক্স অফিসে এটি ১০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটিই প্রথম সিনেমা হিসেবে এ মাইলফলক অতিক্রম করবে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। তবে এ সপ্তাহ শেষ হওয়ার আগে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা নেই। মাত্র ২৬ দিনের মধ্যে এ সিনেমা ১০০ কোটি ডলারের মাইলফলক অর্জন করবে বলে পূর্বাভাস দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। 

গত ৫ এপ্রিল দ্য সুপার মারিও ব্রোস থিয়েটারে মুক্তি পায়। মাসজুড়ে থিয়েটারে দুর্দান্ত প্রতাপ দেখায় সিনেমাটি। মুক্তির চতুর্থ সপ্তাহেও ডোমেস্টিক চার্টের শীর্ষে আছে দ্য সুপার মারিও ব্রোস।

আজকের মধ্যে মারিও ব্রোস উত্তর আমেরিকায় ৪৮ কোটি ৭৫ লাখ ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে। আর আন্তর্জাতিকভাবে তা ৫৩ কোটি ৩০ লাখ ডলার আয় করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। সব মিলিয়ে বৈশ্বিক বক্স অফিসে ১০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করবে মারিও ব্রোস। কভিড-১৯ মহামারীর সময় থেকে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে পঞ্চম সিনেমা হিসেবে দ্য সুপার মারিও ব্রোস এ লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এর আগের চারটি সিনেমা হলো ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ ও ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমা দ্য সুপার মারিও ব্রোস।

সূত্র: ভ্যারাইটি