সময়টা ২০০৭ সাল। বলিউডের বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ভিন্নধর্মী এক সিনেমা ‘তারে জমিন পার’। ছোট্ট এক শিশুর সব প্রতিবন্ধকতাকে জয় করার সে গল্প স্পষ্ট রেখা এঁকেছিল দর্শকের হৃদয়ে। সে সময়ে সিনেমার সফলতা দেখে এর সিকুয়াল তৈরির পরিকল্পনা করেছিলেন আমির খান।
এরপর পার হয়েছে প্রায় দেড় যুগ। কিন্তু সময়ের সঙ্গে সে পরিকল্পনা থেকে সরেননি তিনি। অবশেষে চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে তারে জমিন পারের সিকুয়াল ‘সিতারে জমিন পার’। আগামী ২০ জুন বড় পর্দায় মুক্তি পাবে মিস্টার পারফেকশনিস্টের নতুন সিনেমা। আগামী মে মাসেই আসছে এর ট্রেলার।
ভারতীয় গণমাধ্যম পিংকভিলার ঘনিষ্ট এক সূত্রের বরাতে জানিয়েছে, এরই মধ্যে সিনেমাটির এডিটিং বা সম্পাদনার কাজ শেষ করেছেন এ অভিনেতা। এখন এর প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সংশ্লিষ্ট একজন জানান, সিনেমাটির প্রমোশনের জন্য জুনটা ঠিকঠাক কাজে লাগাতে চাচ্ছেন আমির। তিনি প্রথমে ৩০ মে মুক্তির কথা ভাবলেও পরে তা ২০ জুন চূড়ান্ত হয়। এতে আরো দুই সপ্তাহের অতিরিক্ত সময় পাওয়া যাবে। তিনি আরো জানান, সিতারে জমিন পার সিনেমাটির বিষয়বস্তুর ওপর আমিরের দৃঢ় বিশ্বাস রয়েছে। কারণ এটি তার পছন্দের সূত্র হাসি-আবেগ-নাটকের বৃত্তের মধ্যেই পড়ে। তাই তিনি এর মুক্তির জন্য একটা উপযুক্ত সময় খুঁজছিলেন। সেটা পেয়েও গেছেন, ২০ জুন তা মুক্তি পাচ্ছে। আর সে লক্ষ্য সামনে রেখেই এর প্রমোশনের নানা পরিকল্পনাও নেয়া হয়েছে।
আমিরকে এ সিনেমায় কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে বেশ কৌতূহলী ছিলেন তার ভক্তরা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এর জবাব দেন তিনি। জানান, সিনেমার চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে সিনেমায় আমি মুখ্য চরিত্রে নই, ছোট চরিত্রে থাকব। আগামী মাসেই আসছে সিতারে জমিন পারের ট্রেলার। জানা গেছে, এর ট্রেলার ঘিরে আমির খান বিশেষ মার্কেটিং কৌশল অবলম্বন করবেন, যেন তা সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায়।
সূত্র: বলিউড হাঙ্গামা










