হলিউড সিনেমার বড় বাজার চীন। কিন্তু নানা কারণে বিগত কয়েক বছর চীনে হলিউডের অনেক সিনেমা মুক্তি পায়নি। আনুষ্ঠানিক না হলেও অলিখিত কিছু নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি মার্ভেলের সিনেমা মুক্তির ঘোষণার মাধ্যমে নিষেধাজ্ঞা তোলা হলো। ওয়াকান্ডা ফরএভার ও অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টোমেনিয়া মুক্তি পাবে চীনে।
ওয়াকান্ডা ফরএভার এর মধ্যেই মুক্তি পেয়েছে সারা বিশ্বে। ভালো ব্যবসাও করেছে। সিনেমাটি চীনে মুক্তি পাবে আগামী ৭ ফেব্রুয়ারি। অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টোমেনিয়া বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। একই দিনে চীনেও মুক্তি পাবে সিনেমাটি। মার্ভেলের চীনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা মুক্তির এ খবর জানানো হয়।
চীনের বাজার হলিউডের তুলনায় মার্ভেলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম চীনে আয় করেছিল ৬৩ দশমিক ২ কোটি ডলার। স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম আয় করেছিল প্রায় ২০ কোটি ডলার। নভেল করোনাভাইরাস-পূর্ববর্তী সময়ে মার্ভেলের বাজার চীনে বেশ বড় ছিল। ব্ল্যাক প্যান্থার ও অ্যান্ট ম্যান যথাক্রমে আয় করেছিল ১০ দশমিক ৫ ও ১২ দশমিক ১ কোটি ডলার।
অতিমারীর সময়ে চীনে সিনেমা মুক্তি দেয়ার ক্ষেত্রে নানা রকম বাধাবিপত্তি আসতে শুরু করে। হলিউডের সিনেমার বক্স অফিস আয় কমে যাওয়ার এটি ছিল অন্যতম কারণ। অতিমারী ও পরবর্তী সময়ে হলিউডের মাত্র কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে চীনে। এর মধ্যে জেমস ক্যামেরনের অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার অন্যতম। সিনেমাটি চীনের ফিল্ম ব্যুরো থেকে বিশেষ অনুমতির মাধ্যমে মুক্তি পেয়েছে। আয় করেছে ২২ কোটি ডলার। দুটি সিনেমা মুক্তি দেয়া ছাড়া আর কোনো সিনেমা সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ‘অলিখিত’ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এ বছর হলিউডের অন্যান্য সিনেমাও চীনে মুক্তি পাবে বলে আশা করা যায়।
সূত্র: ভ্যারাইটি










