আমির খানকে নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন । তার মুম্বাইয়ের বাড়িতে পুলিশের গাড়িবহর ঢুকতে দেখা গিয়েছিল। গতকাল সে খবরে সরগরম ছিল গণমাধ্যম। এ নিয়ে নীরবতা ভেঙেছে আমির খানের টিম। জানানো হয়েছে অভিনেতার সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করতে গিয়েছিলেন আইপিএস অফিসাররা।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ি থেকে আইপিএস অফিসারদের নিয়ে একটি বাস বেরিয়ে আসছে। আর সেই বাড়িকে পাহাড়া দিয়ে বেরিয়ে আসছে পুলিশের তিনটি গাড়ি।
পিটিআইকে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বান্দ্রায় আমিরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ওই অফিসাররা। কেন আমির খানের বাড়িতে গিয়েছিলেন তারা? একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রবেশনারি আইপিএস অফিসাররা আমিরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।
অভিনেতার টিমের এক সদস্য বলেন, ‘বর্তমান ব্যাচের আইপিএস প্রশিক্ষণার্থীরা তার সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন এবং আমির খান তাঁর বাড়িতে তাঁদের আপ্যায়ন করেছিলেন। অভিনেতা বছরের পর বছর ধরে আইপিএস অফিসারদের বেশ কয়েকটি ব্যাচের সঙ্গে দেখা করেছেন।’
অভিনেতার টিমের আরেক সদস্য বলেন, ‘১৯৯৯ সালে 'সরফরোশ' ছবির পর অনেক আইপিএস প্রশিক্ষণার্থীই আমিরের সঙ্গে দেখা করতে চান।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










