গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘‌এমআর-নাইন’। কাজী আনোয়ার হোসেনের ‘‌মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এমআর-নাইন নিয়ে দর্শকদের আগ্রহ বহুদিনের। মাসুদ রানার সঙ্গে আরো মুক্তি পেয়েছে দুটি বিদেশী সিনেমা। একটি হলো সালমান খানের ‘‌কিসি কা ভাই কিসি কি জান’ এবং অন্যটি হলিউডের সুপারহিরো সিনেমা ‘‌ব্লু বিটল’।

গত সপ্তাহেই স্টার সিনেপ্লেক্স ঘোষণা দিয়েছিল যে সালমান খানের সিনেমা মুক্তি দেবে তারা। এরপর শুরু হয় প্রচারণা। গতকাল থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে কিসি কা ভাই কিসি কি জান। 

সালমান খানের সিনেমাটি বাংলাদেশে এসেছে ভারতে মুক্তির চার মাস পর। এত দিনে অনেকেই সিনেমাটি দেখে ফেলেছেন। পাশাপাশি এটি ততটা দর্শকপ্রিয়ও হয়নি। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে মুক্তি দেয়া হয়েছে সুপারহিরো সিনেমা ব্লু বিটল। ডিসি ইউনিভার্সের নতুন সুপারহিরো সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল ১৮ আগস্ট। এক সপ্তাহের মাথায়ই সেটি বাংলাদেশে আনা হলো। ব্লু বিটল ডিসির প্রথম লাতিন সুপারহিরো। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আছে। বাংলাদেশেও ডিসি কমিক ও সুপারহিরো সিনেমা ভক্তরা ব্লু বিটল দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।