বুবলি, অপু বিশ্বাসের পর অভিনেতা নিরব হোসেন এবার পূজা চেরীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘ক্যাশ’ নামে একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন। ছবিটি নির্মাণ করবেন ‘ক্যাসিনো’ ছবির পরিচালক নির্মাতা সৈকত নাসির। বিষয়টি টকিজকে নিশ্চিত করেছেন নিরব।

চলতি বছর ডিসেম্বরের শুরুর দিকে ‘ক্যাশ’ ছবির জন্য চুক্তিবদ্ধ হন নিরব। তার বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করবেন তখনো চূড়ান্ত হয়নি। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পূজাকে এ ছবির জন্য চুক্তিবদ্ধ করা হয়।

নিরব, পূজা চেরী ছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে এভ্রিল, সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদসহ আরো অনেককে দেখা যাবে। একটি বিশেষ চরিত্রে আরো একজন নারী থাকবেন। তবে সেটা আপাতত চমক হিসেবে রাখতে চান নির্মাতা।

‘ক্যাশ’ প্রযোজিত হচ্ছে স্বদেশ এন্টারটেইনমেন্টের অর্থায়নে। প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল আজাদ জানান, এ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। ৩ জানুয়ারি শুটিং শুরুর কথা।

‘ক্যাশ’ পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট। শুটিং হবে নির্দিষ্ট জোনে। তাই আগেই কোনোভাবে গল্পের ধারণা দিতে চান না নির্মাতা। ছবির গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান।