অনন্যা পাণ্ডের অভিষেক হয়েছিল করণ জোহরের হাত ধরে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে অভিনয় করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই নেপোটিজমের অভিযোগের তীরে বিদ্ধ হয়েছিলেন অনন্যা। চাংকি পাণ্ডের কন্যা এবং করণ জোহরের সিনেমা দিয়ে অভিষেক; অভিযুক্ত হওয়ার জন্য যথেষ্ট কারণ। কিন্তু এর মাধ্যমে মানসিক ক্ষতি হয়েছে বলে মনে করেন অনন্যা।
সম্প্রতি একটি কথোপকথনে অনন্যা বলেন, ‘প্রতিক্রিয়া আর নিন্দার মধ্যে একটা পার্থক্য আছে। আমাকে নিয়ে যদি কেউ গঠনমূলক সমালোচনা করে আমি সেটাকে ইতিবাচকভাবেই দেখি। আমি তার পরামর্শ শুনব। কেউ যদি জানায় কোনো কাজ ভিন্নভাবে করা উচিত, সেটা বিবেচনা করব। আমি শিখতে চাই, কেননা শেখার কোনো শেষ নেই। একজন অভিনেতাকে নানাভাবে শিখতে হয়।’
কিন্তু ভারতে অনেক সময়ই সমালোচনাটা নিন্দার পর্যায়ে চলে যায়। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেটা বিদ্রূপের পর্যায়ে চলে গেছে। এ বিষয়ে অনন্যা বলেন, ‘এখন অনেকেই অকারণে বিদ্রূপ করে। এর কোনো ভালো দিক নেই। ভিত্তিহীন বিদ্রূপে মন দেয়ার কোনো কারণ নেই। আমি তো একেবারেই কান দিই না।’
অনন্যা পাণ্ডে নিজেকে নতুন করে তৈরির চেষ্টা করছেন। তিনি ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করতে চান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ড্রিম গার্ল টু সিনেমায়। এ সিনেমায় তাকে দেখা যাবে আয়ুষ্মান খুরানার বিপরীতে। গল্পনির্ভর সিনেমা করতে চান অনন্যা। সে ইচ্ছা থেকেই এ সিনেমায় যুক্ত হওয়া। আয়ুষ্মানের কাছ থেকেও অনেক কিছু শিখছেন বলে জানান অনন্যা। তিনি বলেন, ‘আয়ুষ্মান খুবই গোছানো একজন অভিনেতা। তিনি প্রস্তুতি নিয়ে সেটে আসেন। নানা সময় আমাকে বিভিন্ন বিষয় শিখিয়ে, বুঝিয়েও দেন। এছাড়া সেটে তাকে চেনাই যায় না।’
রাজ শান্দিয়া পরিচালিত ড্রিম গার্ল টুয়ে আরো অভিনয় করছেন পরেশ রাওয়াল, বিজয় রাজ, আসরানি ও রাজপাল যাদব। সিনেমাটি ২৫ আগস্ট মুক্তি পাবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










