কলকাতায় আয়োজিত হচ্ছে ‘‌বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এর পঞ্চম আসর। চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ৩১ জুলাই। উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের ২৪টি সিনেমা। এছাড়া রয়েছে প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কলকাতার জনপ্রিয় প্রেক্ষাগৃহ নন্দনে এর সুসজ্জিত প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। উৎসবে অংশ নিতে এরই মধ্যে মঙ্গলবার কলকাতা পৌঁছেছেন মন্ত্রী। এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও।

আজ থেকে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতার নন্দন ১, ২ ও ৩ হলে প্রদর্শিত হবে বাংলাদেশী চলচ্চিত্র। উৎসবে বাংলাদেশের আলোচিত ২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারের উৎসব বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ জানান, সিনেমা বাছাইয়ের জন্য গত ১২ জুলাই বৈঠকে বসেছিলেন তারা। সেখানে প্রাথমিকভাবে ৪৫টি সিনেমা বাছাইয়ের সিদ্ধান্ত হয়। উৎসবে অংশ নিচ্ছে ফাখরুল আরেফিন খানের তিনটি সিনেমা। এগুলো হলো ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ ও ‘অবিনশ্বর’। গণ্ডি সিনেমার গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। জেকে-১৯৭১ সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। অন্যদিকে ভাষা আন্দোলনের রূপকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াই ও সংগ্রামের ওপর নির্মিত হয়েছে গল্পভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র অবিনশ্বর। এক উৎসবে নিজের তিনটি কাজ প্রসঙ্গে ফাখরুল আরেফিন খান বলেন, ‘নির্মাতা হিসেবে এটা আমার জন্য অনেক আনন্দের। চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে। দেশের দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছি। বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরে সিনেমাগুলো দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’ যেসব সিনেমা দর্শকমহলে সাড়া পেয়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে সে সিনেমাগুলো দেখানো হবে এ আসরে। সাম্প্রতিক সিনেমার পাশাপাশি গুণমানে ভালো পুরনো সিনেমাও রাখা হয়েছে বিবেচনায়। এ উৎসবে দেখানো উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রিকশা গার্ল’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘রেডিও’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘নকশীকাঁথার জমিন’, ‘শ্যামা কাব্য’, ‘দুঃসাহসী খোকা’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপপুণ্য’, ‘সাঁতাও’, ‘মা’, ‘স্ফুলিঙ্গ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ফিচার ফিল্মের পাশাপাশি প্রামাণ্যচিত্রও দেখানো হবে এ উৎসবে। প্রামাণ্যচিত্র বিভাগে রয়েছে ‘হাসিনা আ ডটারস টেল’, ‘অবিনশ্বর’, ‘একটি দেশের জন্য’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘কাঙ্গাল হরিনাথ’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রয়েছে ‘ওমর ফারুকের মা’ ও ‘ধড়’।  ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।