বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ মুক্তি পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন চন্দন কুমার বর্মণ ও সোহেল মোহাম্মদ রানা। শুক্রবার রাজধানীর সীমান্ত সম্ভারে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রিমিয়ার শোর উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, ‘নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সবার কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। তাদের জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভালো আর কোনো মাধ্যম হতে পারে না। নির্মাতারা বঙ্গবন্ধুর ছেলেবেলা এ অ্যানিমেশন চলচ্চিত্রে সুনিপণভাবে তুলে ধরেছেন। মা-বাবার আদরের খোকা কীভাবে বাংলার মানুষের কাছে মুজিব ভাই হয়ে উঠলেন, তার জীবনসংগ্রাম ও বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে।’
প্রিমিয়ার শোয় আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভেদ শফিউল্লাহ, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, আইসিটি বিভাগের কর্মকর্তা ও সিনেমার কলাকুশলীরা।
মুজিব ভাই সিনেমাটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি হয়েছে। এর অ্যানিমেশন ডেভেলপ করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড। এর সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান ছিল হাইপার ট্যাগ।
মুজিব ভাই সিনেমার মূল কাহিনী লিখেছেন অজয় দাশগুপ্ত। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। প্রযোজনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। নির্বাহী প্রযোজকরা হলেন জিনাত ফারজানা, আরিফ মোহাম্মদ ও মো. শফিউল আলম। বিভিন্ন সিনেপ্লেক্স, ওটিটি প্লাটফর্ম ও বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে অ্যানিমেশন সিনেমা মুজিব ভাই।










