আলিয়া ভাট সোমবার হেঁটেছেন মেট গালার লালগালিচায়। দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন নাইট হিসেবে বিবেচিত হয় মেট গালা। এটি মূলত নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের আয়োজন। মে মাসের প্রথম সোমবার এটি অনুষ্ঠিত হয়। মেট গালায় সারা দুনিয়ার সেলিব্রিটি, ফ্যাশন ডিজাইনার ও কালচারাল আইকনরা অংশ নেন। প্রতি বছর পোশাকের জন্য থাকে নির্দিষ্ট থিম, যা কস্টিউম ইনস্টিটিউট নির্ধারণ করে দেয়। মেট গালায় থাকে লালগালিচায় হাঁটা, ককটেল আওয়ার, ডিনার ও বিশেষ প্রদর্শনী। এ অনুষ্ঠান ফ্যাশন দুনিয়ার অস্কার হিসেবে বিবেচিত। 

এবারই মেট গালায় অভিষেক হলো আলিয়া ভাটের। মুক্তাখচিত রূপকথার আবেশ জড়ানো এক সাদা পোশাকে লালগালিচায় হেঁটেছেন তিনি। মেট গালার এ বছরের থিম ছিল ‘‌কার্ল ল্যাগারফেল্ড: আ লাইন অব বিউটি’। আলিয়ার হাতে ছিল আঙুল ছাড়া সাদা গ্লাভস। ফটোগ্রাফারদের উপহার দিয়েছেন তার চিরাচরিত মিষ্টি হাসি। আলিয়ার সঙ্গে ছিলেন ডিজাইনার প্রবাল গুরুং। 

মেট গালায় নিজের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন আলিয়া। সঙ্গে লিখেছেন যে তিনি চেয়েছেন একেবারে নিজস্ব কিছুর ছাপ রাখতে ও এমন কিছু পরতে যেটা ভারতের তৈরি, আলিয়ার পোস্টের ভাষায়—‘প্রাউডলি মেড ইন ইন্ডিয়া’। আরো লিখেছেন, ‘‌এমব্রয়ডারি করা হয়েছে এক লাখ মুক্তা ব্যবহার করে। এ কাজে শ্রমের সঙ্গে ছিল প্রবাল গুরুংয়ের ভালোবাসা। প্রথমবার মেট গালায় তোমার তৈরি পোশাক পরে আমি গর্বিত।’

সূত্র: বলিউড হাঙ্গামা