কণ্ঠশিল্পী সাব্বির নাসির এবং কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের গাওয়া বিনোদিনী রাই ও ধন্য ধন্য গান দুটি এখন দুই বাংলায় প্রশংসিত। সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো তাদের ‘ধ্যানে জ্ঞানে’
শিরোনামের সুফি ঘরানার নতুন গান। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। কথা ও সুর করেছেন মুরাদ নূর।
কণ্ঠশিল্পী সাব্বির নাসির বলেন, ‘ধ্যানে জ্ঞানে গানটি প্রথমে সলো সুফীভাবে প্রকাশ করার পরিকল্পনা ছিল। কিন্তু ভাবলাম বিনোদিনী রাইয়ের জুটির মাধ্যমে সুফি-ফোকে নতুন কিছু হোক। তাই গানটি ডুয়েট করা। সিতাংশু ঘোষের আর্ট ও গুরু শামসুল হক চিশতীর উপস্থিতি গানচিত্রটিতে অন্য মাত্রা যোগ করেছে। আশা করছি, নতুন গানটি সবার ভালো লাগবে।’
সম্পা বিশ্বাস বলেন, ‘ধ্যানে জ্ঞানে গানটি সাব্বির ভাইয়ের কাছে শুনেছি প্রথমে। বিশ্বাস করি, আমাদের জুটির আরেকটি প্রশংসনীয় সৃষ্টি হবে এ গান।’
ধ্যানে জ্ঞানে প্রসঙ্গে মুরাদ নূর বলেন, ‘গানটি মূলত সাব্বির ভাইয়ের জন্যই প্রথমে করা। পরবর্তী সময়ে গানটি দুজনের ডুয়েট গানে নবরূপ ধারণ করেছে। আশা করি, শ্রোতাদের মনে ঠাঁই পাবে আমাদের এ সৃষ্টি। আশা করছি, নতুন গানটি শ্রোতাদের মনে ঠাঁই পাবে।’
‘ধ্যানে জ্ঞানে’ গানের বাঁশিতে কাজ করেছেন জালাল, হারমোনিয়ামে আলম বয়াতী, দোতারায় সুমন আরাফাত, মন্দিরায় আশিত, মিক্স মাস্টারিংয়ে সালমান জাইম, সেট ডিজাইনে সিতাংশু ঘোষ, ডিওপি হিসেবে তাহসীন ও প্রীতুল এবং সম্পাদনায় কাজ কাজ করেছেন ইভান।










