আশঙ্কাই সত্য হলো। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার
পার্বত্য এলাকায় আবিষ্কৃত দেহাবশেষটি ‘আ রুম উইথ আ ভিউ’ ও ‘ওয়ারলক’-খ্যাত হলিউড
তারকা জুলিয়ান স্যান্ডসের। খবর ভ্যারাইটি।
গত ১৩ জানুয়ারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার
মাউন্ট বালডির কাছে নিখোঁজ হন ৬৫ বছর বয়সী এ অভিনেতা। এরপর গত পাঁচ মাসে আট দফা অভিযানে
তার কোনো খোঁজ মেলেনি।
গত ২৪ জুন মাউন্ট বালডির বিরান অঞ্চলে
অজ্ঞাত দেহাবশেষ দেখতে পেয়ে ফন্টানা শেরিফ স্টেশনে যোগাযোগ করেন হাইকাররা। তখন থেকেই
ধারণা করা হচ্ছিল, মরদেহটি এই ব্রিটিশ অভিনেতার। এরপর গতকাল মঙ্গলবার (২৭ জুন) পরীক্ষা-নিরীক্ষার
পর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
জুলিয়ানের ভ্রমণ করা সর্বশেষ এলাকাটি বেশ
বিপদসংকুল। এ এলাকায় শীতকালে প্রচণ্ড ঝড় হয়।
নিখোঁজ হওয়ার পর প্রথমবার গত ২৩ জুন বিবৃতি
প্রকাশ করে স্যান্ডসের পরিবার। যেখানে পিতা, স্বামী, অভিযাত্রী, প্রকৃতি ও শিল্পপ্রেমিক
এবং অভিনয়শিল্পী হিসেবে তার অর্জনকে শ্রদ্ধা জানানো হয়।
নিখোঁজের পর তার ভাই নিক স্যান্ডস বলেছিলেন,
জুলিয়ান ঝুঁকি নিয়েছিলেন। তিনি সবসময় এমন ছিলেন- বন্য, দুর্ধর্ষ, দুঃসাহসী; কোনো
নিয়ম বা সীমানা তাকে বাধতে পারত না। ঠান্ডা সকালে পাহাড়ের চূড়ার কাছে থাকলে সবচেয়ে
খুশি হতো।
সিনেমার পাশাপাশি অসংখ্য টিভি সিরিজে অভিনয়
করেছেন জুলিয়ান। ‘স্মলভিলে’ সুপারম্যানের
বাবা জোর-এল ও ‘২৪’-এ সন্ত্রাসবাদী
ভ্লাদিমির বিয়েরকোর চরিত্রে অভিনয় করেন তিনি।
জেমস আইভরির আট হাউস সিনেমা ‘আ রুম উইথ আ ভিউ’-এ মূল চরিত্র
জর্জ এমারসন তাকে জনপ্রিয় দেয়। সেখানে স্বাধীনচেতা রোমান্টিক তরুণের ভূমিকায় ছিলেন
তিনি।
থ্রিলার ও হরর ফিল্মে অভিনয়ের জন্যও জুলিয়ান
পরিচিত। কেন রাসেলের পিরিয়ড হরর ফিল্ম ‘গথিক’-এ কবি পি বি
শেলির ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৮০ দশকের শেষের দিকে হলিউডে করেন কাল্ট হরর ‘ওয়ারলক’। এ ছবির নাম
চরিত্র শয়তানের পুত্রের ভূমিকায় ছিলেন তিনি। পরে সিক্যুয়াল ‘ওয়ারলক: দ্য
আর্মাগেডন’-এও একই ভূমিকায় ছিলেন।
এছাড়া আরাকনোফোবিয়া, দ্য ফ্যান্টম অব
দ্য অপেরা, লিভিং লাস ভেগাস, নেকেড লাঞ্চ, টেল অব আ ভ্যাম্পায়ার, সিয়েস্তাসহ বিখ্যাত
নির্মাতাদের অনেক সিনেমায় অভিনয় করেন জুলিয়ান স্যান্ডস। অতিসম্প্রতি দেখা গেছে রোজ
রেড ও দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটুতে।
মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন
জুলিয়ান স্যান্ডস।










