চলতি বছরের রোজার ঈদেও মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এ কোরবানির ঈদে মুক্তির মিছিলে ছিল ১০টিরও বেশি সিনেমা। মূলত ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির উৎসব লেগে যায়। ছুটি থাকায় দর্শক তার প্রিয় তারকার সিনেমা দেখতে হলে যান। দর্শকের আগ্রহের কারণেই ঈদের সময় সিনেমা মুক্তির তালিকা স্বাভাবিকভাবেই বড় হয়ে যায়। ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে ছিল প্রিয়তমা, প্রহেলিকা, অন্তর্জাল, সুড়ঙ্গ, লাল শাড়ি, রিভেঞ্জ, ক্যাসিনো।

এগুলোর মধ্যে সর্বাধিক আলোচনা তৈরি করেছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ও নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। এ দুই ছবি এতই আলোচনায় এসেছে যে সে তুলনায় অন্য ছবি নিয়ে মাতামাতি অনেকটা মলিন।

নতুন খবর হচ্ছে ঈদে সিনেমা মুক্তির বিষয়টি চূড়ান্ত হলেও শেষ সময়ে এসে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ ও এমডি ইকবাল পরিচালিত বুবলী ও রোশান অভিনীত ‘‌রিভেঞ্জ‌’-এর সিদ্ধান্তে পরিবর্তন এল। এ ঈদে প্রেক্ষাগৃহে আসছে না সিনেমা দুটি। 

অন্তর্জালে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসান। তিন তরুণের বুদ্ধিবৃত্তিক উদ্ভাবন আর সাইবার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে অন্তর্জাল সিনেমায়।

অন্তর্জাল ছবি সংশ্লিষ্টরা বলছেন, ‌ভিএফএক্স -এর কাজ বাকি থাকায় ছবিটি ঈদে আসবে না। মুক্তি পেতে পারে ঈদের তিন সপ্তাহ পরে অর্থাৎ ২১ জুলাই। মুক্তি পেছালেও এর টিজার ও একটি গান প্রকাশ হয়েছিল। অন্যদিকে রিভেঞ্জ পরিচালক ইকবাল বলেন, ‘‌ডিপজল ভাইকে আমি অভিভাবক মনে করি। তার সঙ্গে যেন কোনো রকম দ্বন্দ্ব না হয়, এজন্য তার অনুরোধে মুক্তি দিচ্ছি না।’